টপলেস ছবি নিয়ে মহাখাপ্পা কেট (ভিডিও)
ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যত্ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন খুব খেপেছেন। এই মহাখাপ্পার কারণ তাঁরই কিছু ছবি। ফরাসি সাময়িকী ক্লোজার কেটের কিছু ‘টপলেস (আংশিক অনাবৃত উর্ধ্বাঙ্গ)’ ছবি প্রকাশ করেছে। এ খবর কানে পৌঁছা মাত্র কেট খুব হতাশ ও ক্ষিপ্ত।আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের সূত্রে ঘনিষ্ঠ আত্মীয় লর্ড লিনলের আমন্ত্রণে গত সপ্তাহে স্বামীর সঙ্গে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন কেট। সেখানে অবস্থানকালে এসব ছবি তোলা হয়। বিবিসির প্যারিস ব্যুরো জানায়, ছবিগুলো দূর থেকে ছবি তুলতে সক্ষম লেন্স দিয়ে তোলা। এগুলো ঝাপসা হলেও উইলিয়াম ও কেটের অবস্থান পরিষ্কার। ওই সাময়িকীর চার পৃষ্ঠায় জুড়ে এই রাজ-দম্পতির ছবি ছাপা হয়েছে। এর মধ্যে কয়েকটিতে কেট টপলেস অবস্থায় রয়েছেন।রাজপরিবারের বরাত দিয়ে বিবিসির একজন সাংবাদিক বলেন, ‘ছবিগুলো সত্য বলে গ্রহণ করেছেন রাজ কর্মকর্তারা এবং উইলিয়ামস ও কেট উভয়ে খুব চটেছেন।’এই দম্পতি এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থান করছেন। আজ সকালের নাশতা খাওয়ার সময় ফরাসি ওই সাময়িকীতে ছবি ছাপা হওয়ার খবর পান তাঁরা। গত সপ্তাহে ব্রিটিশ পত্র-পত্রিকাও তাঁদের এসব ছবি প্রকাশ করার আগ্রহ জানায়। কিন্তু তাঁরা নাকচ করে দেন।কর্মকর্তারা জানান, এই দম্পতি মনে করেন ফান্স সফরের ওই সময়টা ছিল তাদের একান্ত ব্যক্তিগত। তাই ওই মুহূর্তের ছবি প্রকাশের ঘটনায় তাঁরা ‘মনঃক্ষুণ্ন ও হতাশ’। রাজ কর্মকর্তারা মনে করছেন যে সাময়িকীটি এসব ছবি ছেপে সীমা লঙ্ঘন করেছে। তাঁরা জানান, উইলিয়াম ও কেট বিশ্বাসই করতে পারছেন না কেউ এমন ছবি তুলতে ও প্রকাশ করতে পারে। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নয়দিনের সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে এখন তাঁরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছেন। সেখানে তাঁরা আজ শুক্রবার একটি মসজিদ পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার কেট স্থানীয় একটি হাসপাতালে ভাষণ দেন। বিদেশে এটি তাঁর প্রথম ভাষণ।