টমটমে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়ার টিলার টমটমে চড়ে কালনী-কুশিয়ারা নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করতে গেলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দুর্গম হাওর অঞ্চল আবদুল্লাহপুরের রেস্টহাউস থেকে উদ্বোধনস্থলের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। সামান্য দূরত্বের এই পথে ভ্রমণের যে আনন্দ গতকাল তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল, কিছুক্ষণের মধ্যেই তা যেন ছড়িয়ে পড়ল পুরো হাওরাঞ্চলে। রাষ্ট্রপতির আবেগ ও আনন্দের উচ্ছ্বাস টের পাওয়া গেল গতকাল বিকেলে আবদুল্লাহপুর ইউনিয়নের মাঠে আয়োজিত মতবিনিময় সভায়। সভায় তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘১৯৬৯ সালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণ-আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের সভাপতি হিসেবে হাওরের এই গ্রামে প্রথম সভা করেছিলাম। অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে প্রথম এই গ্রামে এসে মতবিনিময় করছি। আপনারা আমাকে আটবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমি চিরঋণী।’ অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, হাওরের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অর্থনীতির অগ্রগতি হবে না। তাই এর সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।রাষ্ট্রপতি আবদুল্লাহপুর গ্রাম প্রতিরক্ষা বাঁধ ও প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন এবং ৬৫০ কোটি টাকা ব্যয়ে কালনী-কুশিয়ারা নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।