জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৮৯জন্মস্থান: ভেলহেইম, পশ্চিম জার্মানিউচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চিবর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখপজিশন: আক্রমণাত্মক মিডফিল্ডার/ফরোয়ার্ডস্বীকৃতিবিশ্বকাপ ২০১০-এর গোল্ডেন বুটবিশ্বকাপ ২০১০-এর সেরা উদীয়মান খেলোয়াড়প্রিয় ও অন্যান্যখেলোয়াড়: জার্ড মুলার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারঅন্য খেলা: টেনিসখাবার: ঐতিহ্যবাহী জার্মানির খাবারপোশাক: জিনস, টি-শার্টবেড়াতে যাওয়ার জায়গা: বাভারিয়াফুটবলার না হলে: অন্য কিছু হওয়ার কথা ভেবেই দেখেননিঅবসর কাটান: টিভিতে কমেডি শো দেখে আর পরিবারের সঙ্গে। লম্বা ছুটিতে পরিদর্শন করেন ঐতিহ্যবাহী সব দর্শনীয় স্থান।কেবলই সে হাঁটতে শিখেছে। ওই বয়সেই একদিন শপিংয়ে সে সঙ্গী হয়েছিল বাবার। দোকানে ফুটবল দেখে তা কিনে দেওয়ার বায়না ধরেছিল বাবার কাছে। ছেলের আগ্রহ দেখে ছোট একটা ফুটবল কিনে দিয়েছিলেন বাবা। ব্যস, ছেলেটার ফুটবলের সঙ্গে সখ্য হয়ে গেল। ঘরের মধ্যে ফুটবল নিয়েই সারা দিন তার দৌড়-ঝাঁপ।ছেলের শৈশবেই বাবা বুঝে গেলেন, একদিন বড় ফুটবলার হবে সে। তা সম্ভাবনা যাকে হাতছানি দিয়ে ডাকছে, তার তো ফুটবলেই থাকা উচিৎ! চার বছর পেরোতে না-পেরোতেই তাকে ভর্তি করে দেওয়া হলো এক ফুটবল একাডেমিতে। ছোট্ট ছেলে ফুটবলে লাথি মারে, স্বপ্নাতুর বাবা দেখে মুগ্ধ হন। চার বছরের শিশুর ফুটবল-দক্ষতা দেখে মুগ্ধ হন টিএসভি পাল একাডেমির কোচরাও। ছেলের বাবার সঙ্গে একমত হন অন্যরাও—একদিন অনেক বড় ফুটবলারই হবে ছেলেটা।সেই ছেলে আজকের টমাস মুলার। অনেক বড় ফুটবলার হবেন কি না কিংবা ফুটবল-ইতিহাসে সোনার অক্ষরে তাঁর নাম লেখা থাকবে কি না, সেটা সময়ই বলবে। তবে এটা সত্যি, জার্মানির তরুণ মিডফিল্ডার টমাস মুলার কিন্তু বড় ফুটবলার হওয়ার প্রথম ধাপে পুরোপুরি সফল।কে জানে নামে মিল থাকায় জার্ড মুলারের নামটিই তাঁকে ফুটবলার হতে অনুপ্রণীত করেছিল কিনা। তবে জার্মানির এই ফুটবল কিংবদন্তি তাঁর অন্যতম প্রিয় ফুটবলার। নামে যেমন, তেমনি কাজেও জার্ড মুলারের সঙ্গে মিল রেখে চলেছেন টমাস মুলার।১৯৭০ বিশ্বকাপে জার্ড মুলার ইংলিশদের স্বপ্নভঙ্গ করেছিলেন কোয়ার্টার ফাইনালে। আর তার ৪০ বছর পর আরেক বিশ্বকাপে ইংলিশদের স্বপ্ন ভেঙে দিলেন আরেক মুলার। কোয়ার্টার ফাইনালের আগেই, দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে জার্মানির ৪-১ গোলের জয়ে বড় অবদান ছিল তাঁরই। দুটি গোল নিজে করেছেন, অন্য দুটি গোলের একটিতে প্রত্যক্ষ এবং অন্যটিতে পরোক্ষ অবদান রেখেছেন।কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শোধ নিয়েছেন একটি অপমানের। বিশ্বকাপের আগে জার্মানিতে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। সে সময়ের কোচ ডিয়েগো ম্যারাডোনার পাশে জার্মানি থেকে সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছিল মুলারকে। ম্যারাডোনা একজন ‘বলবয়’-এর সঙ্গে সংবাদ সম্মেলন করবেন না বলে উঠে গিয়েছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির ৪-০ গোলের জয়ে গোল করে এবং করিয়ে সেই জ্বালা ভুলেছেন মুলার।এগুলো সব মুলারের সংক্ষিপ্ত ক্যারিয়ারের কীর্তি। বলা হচ্ছিল তাঁর উত্থানের কথা। সেই চার বছর বয়সে টিএসভি পাল একাডেমিতে যোগ দিয়ে সাত বছর ছিলেন সেখানে। এরপর ২০০০ সালে নাম লেখান বায়ার্ন মিউনিখের জুনিয়র দলে। সেখানে সাত বছর খেলার পর তাঁর ঠাঁই হয় বায়ার্নের দ্বিতীয় দলে। ২০০৮ সালে তাঁর গায়ে ওঠে মূল দলের জার্সি। তাঁর উত্থানপর্বের পরের অংশটা তো রূপকথাকেও হার মানায়। ২০০৯ সালে বায়ার্নের হয়ে দুর্দান্ত খেললেন। পুরস্কার হিসেবে জায়গা হলো জোয়াকিম লোর বিশ্বকাপ দলে। মাইকেল বালাকের ইনজুরি-জনিত অনুপস্থিতিতে তাঁর ১৩ নম্বর জার্সিটাও পেয়ে গেলেন। পেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সবকিছু যেন একটু দ্রুতই পেয়ে গেলেন মুলার। তাঁর ভাবনাটাও তাই, ‘সবকিছুই একটু দ্রুত ঘটে গেছে।’শুধু ফুটবলেই নয়, জীবনের অনেক কিছুই মুলারের ক্ষেত্রে একটু আগেভাগেই ঘটেছে। এই যেমন বিয়েটাও। লিসার সঙ্গে মুলারের দুই বছরের প্রেম যখন বিয়েতে পূর্ণতা পেল, তখন তাঁর বয়স ১৯ বছর! আবিদুল ইসলাম