টরন্টোয় প্রবাসী বাংলাদেশিদের অমর একুশে উদযাপন
কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো বিশেষ দিনগুলো পালন করে বাংলাদেশ সেন্টার ও কমিউনিটি সার্ভিসেস। এবারের একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিসিসিএস ‘অমর একুশে’ শিরোনামে দুই দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছিল। ‘অমর একুশে’ অনুষ্ঠানের শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি বেলা তিনটা থেকে। শুরুতেই অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার। বয়সভিত্তিক তিনটি দলে ভাগ হয়ে ১০০ জন শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন ড. শামিমা নাসরিন শাহেদ, খসরু চৌধুরী, শহিদুল আলম মিন্টু, প্রণবেশ পোদ্দার ও দিলরুবা আলম। জয়ীদের পুরস্কার তুলে দেন চয়নিকা দত্ত।অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে আয়োজন করা হয়েছিল র্যালি। আবৃত্তিকার মেরি রাশেদীনের নেতৃত্বে বিসিসিএস কার্যালয়ের সামনে থেকে টরন্টোর বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকা প্রদর্শন করে এই র্যালি। র্যালিতে অংশ নিতে আরও এসেছিলেন টরন্টো লিবারেল পার্টির সাবেক ক্যাবিনেট মন্ত্রী মারিয়া মিন্নাহ। অংশগ্রহণ করেছিল অন্য থিয়েটার টরেন্টো, আলাম পিয়া স্কুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা, সুচারু আর্ট সেন্টারসহ আরও অনেক সাংস্কৃতিক সংগঠন। র্যালি শেষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। টরন্টোর দানফর্থে স্থাপিত শহীদ মিনারে ১২টা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয় টরন্টোর বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একুশে উদযাপন।