টরেন্টোতেও পুঁজিবাদবিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট দখলের আহ্বান জানিয়ে শুরু হওয়া বিক্ষোভ আজ সে দেশের সীমানা ছাড়িয়ে কানাডার বাণিজ্যিক রাজধানী টরেন্টোয় ছড়িয়ে পড়েছে।কানাডার ধনী-দরিদ্র বৈষম্য, পুঁজিবাদী বাণিজ্যিক লালসা, নিরাপত্তাহীন চাকরির বাজার, বেকারত্ব ও সাধারণ নাগরিকের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আসা দুই হাজার বিক্ষোভকারী গতকাল শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।গত বছর টরেন্টোতে জি-২০ সম্মেলনের সময় বিক্ষোভ, দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনা এবং ভ্যাঙ্কুভারে স্ট্যানলি কাপ হকি ফাইনালে ব্যাপক দাঙ্গার প্রেক্ষাপটে সতর্ক আইন প্রয়োগ সংস্থার বিষয়টি মাথায় রেখে বিক্ষোভ শান্তিপূর্ণ হবে বলে আয়োজনকারীরা আগাম ঘোষণা দেন।গত শুক্রবার রাত থেকে টরেন্টোর ডাউনটাউনে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। স্থানীয় সেন্ট জেমস পার্কে তাঁবু খাটিয়ে তাঁরা রাত কাটান। গতকাল সকাল নয়টায় তাঁদের শহরের বাণিজ্যিক সড়ক বে স্ট্রিটের ওপর প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুপুরে শৈত্যপ্রবাহ ও প্রবল বাতাসের মধ্যেও তাঁরা প্ল্যাকার্ড নিয়ে কিং স্ট্রিট, ইয়ার্ক স্ট্রিট পর্যন্ত ছড়িয়ে পড়েন। অনেকে মুখে কাপড় বেঁধে, মুখোশ পরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে লেখেন ‘আমরা দেশের ৯৯ ভাগ’। এই বিক্ষোভকে নাগরিকদের তৃণমূল পর্যায়ের বিক্ষোভ অ্যাখ্যা দিয়ে তাঁরা দাবি করেন, কানাডার বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় শতকরা এক ভাগ ধনীর জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা বৈষম্যে পূর্ণ। একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থা, চাকরির নিরাপত্তা, করের বোঝা কমিয়ে এ ব্যবধান কমানো সম্ভব বলে দাবি করেন তাঁরা। সুদূর হ্যালিফ্যাক্স থেকে বিক্ষোভে অংশ নেওয়া কল সেন্টারকর্মী ক্রিস কুড়ি বলেন, ‘আমি নিজে পুঁজিবাদের সমর্থক কিন্তু কানাডায় পুঁজি ব্যবস্থা সাধারণ মানুষের জন্য অসম।’‘টরেন্টো দখল করো’, ‘কানাডা দখল করো’ এই স্লোগান দিয়ে ব্লগ ও ফেসবুকে আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের টরেন্টোতে সমবেত হতে বলা হয়। বিক্ষোভে অংশ নেওয়া ওন্টারিও লেবার ফেডারেশন প্রেসিডেন্ট সিড রাইয়ান বলেন, ‘এই বিক্ষোভের উপাদান থেকে তৈরি আগামীর রাজনৈতিক বিক্ষোভের ঝড় দেখতে আর বেশি দিন বাকি নেই।’ ফেডরিক কারমেস নামের এক যুবক মন্ট্রিয়ল থেকে এসে বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘এই কাজের জন্য তিনি এক সপ্তাহের আগাম ছুটি নিয়েছেন।’ তিনি বলেন, কানাডায় ধনী-দরিদ্র বৈষম্য যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। অনেকে দুটি চাকরি করেও সংসার চালাতে হিমশিম খায়। দরিদ্রের ওপর করের বোঝা বেড়েই চলছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, ‘টরেন্টোতে এই বিক্ষোভের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের মতো নয়, কারণ কানাডার ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট ব্যাংকের মতো বৈষম্যে ভরা নয়।’