টাইবুর ক্রিকেট দর্শন
চড়াই আর উৎরাই, শিখরে আরোহণ আর ভূমিতে পতন—২৭ বছর বয়সেই সব দেখা হয়ে গেছে জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুর। এত অল্প বয়সে টাইবু যেভাবে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে খেলেছেন, হয়তো অনেক ক্রিকেটারেরই এমন অভিজ্ঞতা হয়নি।২০০১ সালে জিম্বাবুয়ে দলে এসেছেন। এরপর এই উইকেটকিপার-ব্যাটসম্যান সাক্ষী জিম্বাবুয়ে দলের অনেক উত্থান-পতনের। খুব কাছ থেকেই দেখেছেন রবার্ট মুগাবের দুঃশাসনের বিরুদ্ধে অ্যান্ডি ফ্লাওয়ার ও হেনরি ওলোঙ্গার কালো ব্যান্ড পরে করা সাহসী প্রতিবাদ। দেখেছেন তাঁদের দেশত্যাগ। হিথ স্ট্রিক, ওলোঙ্গাসহ ফ্লাওয়ার ভাইদের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে দেখেছেন একেক করে। হীনবল জিম্বাবুয়ের টেস্ট খেলা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সাক্ষীও তিনি।তবে জিম্বাবুয়ে দলকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে গত পরশু বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইবু বলেছেন, ‘আপনি যেকোনো একটি পরিবারের দিকে তাকান, দেখবেন সেখানে সব সময়ই উত্থান-পতন থাকে। আমি এগুলোর সবই জিম্বাবুয়ের ক্রিকেটে দেখেছি। তবে কথা হচ্ছে, আমি এখনো আছি আর সব পরিস্থিতিতেই দলকে সাহায্য করতে পারি।’২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে টাইবুর কাঁধে আসে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়ার মহান দায়িত্ব। কালো ক্রিকেটারদের কোটা নিয়ে বোর্ডের সঙ্গে মতবিরোধে হিথ স্ট্রিক পদত্যাগ করলে এই দায়িত্ব পান টাইবু। সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়কের রেকর্ড গড়েছেন। তবে বিভিন্ন বিতর্কে জর্জরিত জিম্বাবুয়ে দলের কোনো ভবিষ্যৎ দেখতে না পেয়ে বছর খানেক পরেই আন্তর্জাতিক খেলা থেকে নিজেকে সরিয়ে নেন। টাইবুর তাই খেলা হয়নি ২০০৭ বিশ্বকাপ।সেই বিশ্বকাপের পর আবার দলে ফেরা টাইবু খেলা ও রাজনীতিকে আলাদা করে দেখেন না। ‘আমি সব সময়ই চেষ্টা করি খেলা থেকে রাজনীতিকে আলাদা রাখতে। আমার সাধ্যমতো খেলাটায় মনোযোগ দিতে চাই। তবে মানুষ যেভাবে রাজনীতি থেকে খেলাটা আলাদা করে ফেলে, আমি সেটার সঙ্গে একমত নই। আমার মনে হয়, এই দুটি বিষয় কোনো না কোনোভাবে সম্পর্কিত’—ইডেনে আজ কেনিয়ার বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলার আগে বলেছেন জিম্বাবুয়ের ‘জ্ঞানী ব্যক্তি’। রয়টার্স।