টাইম সাময়িকীর শীর্ষ দশে আন্না
বিখ্যাত মার্কিন টাইম সাময়িকীর দৃষ্টিতে চলতি বছর বিশ্বের শীর্ষ ১০ সংবাদ কাহিনিতে স্থান পেয়েছেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে ও তাঁর অহিংস আন্দোলনের কথা।এর আগে টাইম সাময়িকী ‘আরব বসন্ত’ ও ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীদের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করে। টাইম সাময়িকী বলেছে, ভারতে বছরটা ছিল আন্নার। এ কারণেই বিশ্বের শীর্ষ ১০ সংবাদ প্রতিবেদনে ঠাঁই পেয়েছেন আন্না।এ তালিকায় আরব বসন্ত ও ওসামা বিন লাদেন হত্যার খবরও স্থান পেয়েছে। টাইমের দৃষ্টিতে ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে আলোচনায় ছিলেন বছরজুড়ে। আন্না সম্পর্কে টাইম উল্লেখ করেছে, এটা অকল্পনীয় যে এ ক্ষুদ্র ও অশীতিপর মানুষটি এত বড় একটা জনপ্রিয় আন্দোলনের নেতৃত্বে ছিলেন। গান্ধীভক্ত আন্না বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির গণতন্ত্রকে দুর্নীতির জন্য প্রশ্নবিদ্ধ করেছেন এবং সরকারকে তোপের মুখে ফেলেছেন। টাইম আরও বলেছে, দুর্নীতির বিরুদ্ধে অনশন করে তিনি হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ভারতের পার্লামেন্ট অচল করে দিয়েছেন।প্রসঙ্গত, সামরিক বাহিনীর সাবেক গাড়িচালক আন্না হাজারে দুর্নীতিবিরোধী আন্দোলন করে ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।