টাইম স্কয়ারে ব্যর্থ বোমা হামলার নায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে গাড়িবোমা বিস্ফোরণের ব্যর্থ চেষ্টার নায়ক এখন পুলিশ হেফাজতে। তাঁর নাম ফয়সল শাহাজাদ। গতকাল সোমবার রাতে জে এফ কে বিমানবন্দর থেকে ফয়সলকে (৩০) গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফয়সল বিমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।সোমবার মধ্যরাতের পর এবিসি নিউজ ব্রেকিং নিউজে জানায়, কোনো অঘটন ছাড়াই পুলিশ বিমানবন্দর থেকে ফয়সলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফয়সল কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্ট এলাকায় বাস করতেন।বিস্ফোরকপূর্ণ যে গাড়িটি টাইম স্কয়ারে পার্ক করে রাখা হয়েছিল তার সূত্র ধরে ফয়সলকে গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছিল পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরিস্থিতি বিপজ্জনক টের পেয়ে ফয়সল যুক্তরাষ্ট্র ত্যাগ করার চেষ্টা করছিলেন।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফয়সল সম্প্রতি পাকিস্তান সফর করে এসেছেন। পাঁচ মাস পাকিস্তান সফরকালে তিনি পেশোয়ারে অবস্থান করেন। আল-কায়েদা, তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্য পেশোয়ারে বসেই ফয়সল টাইম স্কয়ারে গাড়ি বোমা হামলার পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ফয়সল মাত্র তিন সপ্তাহ আগে বিস্ফোরণের কাজে ব্যবহারের জন্য গাড়িটি কেনেন। তিনি ইন্টারনেটে দেওয়া বিজ্ঞাপন দেখে ১ হাজার ৩০০ ডলার দিয়ে ১৯৯৩ মডেলের নিশান পাথফাইন্ডার গাড়িটি কেনেন। দাম পরিশোধ করেন ১০০ ডলারের নোট দিয়ে।ঘটনাস্থল থেকে উদ্ধার করা গাড়িটির ভিন (vehicle identification number) বদলে ফেলা হয় ঘষামাজা করে। তবে নিবিড় তদন্ত চালিয়ে এফবিআই গাড়িটির প্রকৃত পরিচিতি নম্বরের পাঠোদ্ধার করতে সক্ষম হয়। আঙুলের ছাপসহ ওই গাড়ি ও তার ভেতরে পাওয়া কিছু চুল ফরেনসিক পরীক্ষার জন্য এফবিআই তার কেন্দ্রীয় গবেষণাগারে পাঠিয়েছে।নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনার সময়, শনিবার বিকেলে টাইম স্কয়ার এলাকায় কমপক্ষে ৮০টি সার্ভেলেন্স ক্যামেরা সচল ছিল। এসব ক্যামেরায় ধারণ করা সব ছবি পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রথম দফা সন্দেহ করা হয়েছিল ভিন্ন একজনকে। ধারণ করা ভিডিও চিত্রে জামা দিয়ে মুখ ঢেকে এক লোককে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা এখন বলছেন, পুরো ঘটনাটির সঙ্গে দেশের বাইরের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।এই প্রথমবারের মতো হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় টাইম স্কয়ারে গাড়ি বোমা বিস্ফোরণের ব্যর্থ চেষ্টাটি ছিল নাশকতামূলক। প্রেস সেক্রেটারি রবার্ট গিবস বলেন, এফবিআই এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের যৌথ তদন্তে দ্রুত অগ্রগতি ঘটছে।প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট বলেছে, টাইম স্কয়ারে নাশকতার প্রচেষ্টার সঙ্গে একটি গোষ্ঠী জড়িত ছিল, যার সঙ্গে অন্য দেশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে।