টাইমস্কেল চালু বেসরকারি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিতের এক বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষকদের টাইমস্কেল (আট বছর চাকরির পর দেওয়া বর্ধিত আর্থিক সুবিধা) আবার চালু করা হয়েছে। তবে গত এক বছরের বকেয়ার টাকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বন্ধ থাকা টাইমস্কেল ও ইনডেক্সধারী শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিও ছাড় করা হয়েছে। টাইমস্কেল পাওয়া শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪৯ হাজার ২৮০ জন এবং ইনডেক্সধারী শিক্ষক তিন হাজার ৫৭৮ জন।দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১০ সালের নভেম্বর থেকে আট বছর চাকরি পূর্ণ হওয়া প্রভাষকদের টাইমস্কেল দেওয়া হয়। কিন্তু দুই মাস দেওয়ার পর গত বছরের জানুয়ারি থেকে টাইমস্কেলসহ বেতন বন্ধ হয়। বিষয়টি নিয়ে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছিল। এরপর বেতন চালু হলেও টাইমস্কেল স্থগিত থাকে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আজই (বৃহস্পতিবার) বন্ধ থাকা টাইমস্কেলের অর্থ ছাড় করা হয়েছে।’