টাইমের চোখে ‘হিরো’ রিজওয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ রক্ষায় নিবেদিতপ্রাণ সৈয়দা রিজওয়ানা হাসান। পেশায় পরিবেশ আইনবিদ। পরিবেশ রক্ষায় ব্যাপক অবদান রাখায় বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব। এই পুরস্কার পাওয়ার পর রিজওয়ানা হাসানের কিছু শত্রু সক্রিয় হয়ে ওঠে। তাঁর হাড়গোড় গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কিন্তু তার পরও দমে যাননি তিনি। শত্রুর হুমকিকে থোরাই কেয়ার করে আপন মনে কাজ করে গেছেন তিনি। আর সেই কাজের প্রাপ্তি হিসেবে এবারে পেলেন এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০১২। ২০০৯ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব দেওয়ার পর ওই সাময়িকীর প্রচ্ছদ হয়েছিলেন তিনি। টাইমের সেই রচনা ২০০৯ সালের ১০ অক্টোবর প্রথম আলোর ছুটির দিনেতে ভাষান্তর করে প্রকাশ করা হয়। প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য লেখাটি হুবহু প্রকাশ করা হলো।ওরা জানে, ঠিক আজকের দিনটিই হতে পারে ওদের মৃত্যুর দিন। এ সত্য মাথায় নিয়েই প্রায় ১৫ হাজার শ্রমিক প্রতিদিন সকালে চট্টগ্রামের সমুদ্রসৈকতে কাজ করতে যায়। বাংলাদেশের বৃহত্তম এই পুরোনো জাহাজভাঙার জায়গা বা শিপ ব্রেকিং ইয়ার্ডে ওরা দৈনিক ১৬ ঘণ্টা কাজ করে। কোনো রকম প্রশিক্ষণ ও সুরক্ষা ছাড়াই ওদের পাঠানো হয় কাজে। একরকম খালি হাতেই তাদের করতে হয় এ কাজ। বাতিল জাহাজের ধাতব শরীর কাটার সময় তৈরি হয় সিসা, অ্যাজবেস্টস-মিশ্রিত বিষাক্ত কালো ধোঁয়া। হিসাবমতে, প্রতিদিন গড়ে একজন করে শ্রমিক মারা যায় দক্ষিণ এশিয়ার এসব জাহাজভাঙার জায়গায়। মৃত্যুগুলো হয় কখনো আচমকা বিস্ফোরণে, অগ্নিকাণ্ডে অথবা ওপর থেকে হঠাত্ গায়ে এসে পড়া ভারী বস্তুর আঘাতে। আর যারা দুর্ঘটনা থেকে বেঁচে যায়, তারাও রেহাই পায় না। ওরা বাঁচে ক্যানসারসহ প্রাণঘাতী অনেক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে। পাঁচ কি ছয় বছর কাজ করার পর ওরা গ্রামে ফেরে তরুণবয়সী বৃদ্ধের চেহারা নিয়ে। শ্রমের ভারে নুয়ে পড়ে শরীর। অথবা শরীরের এমনই বেহাল দশা হয় যে ওরা আর কোনো কাজ করতে পারে না।৪১ বছর বয়সী রিজওয়ানা হাসান কাজ করছেন এসব পীড়িত মানুষের জন্য। একই সঙ্গে তিনি রক্ষা করতে চান সমুদ্রসৈকতও, যেখানে বিষাক্ত বর্জ্যে পূর্ণ জাহাজগুলো সত্কার হয়। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে রিজওয়ানা ছয় বছর ধরে লড়াই করে আসছেন বাংলাদেশের ৩৬টি শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রম আইন ও পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির জন্য। শ্রমিক অধিকার নিয়ে কথা বলার জন্য, আন্তর্জাতিক দিকনির্দেশনার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একজন মানুষও বুঝি নেই। প্রতিবছর শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে আসে প্রায় দেড় শ জাহাজ। এখান থেকে প্রচুর রাজস্ব আসে এবং কর্মসংস্থানের ব্যবস্থাও হয়। রিজওয়ানা হাসান বলেন, শুধু এ দুটো বিষয় বাদে সরকার অন্য কোনো যুক্তি বিবেচনায় আনেনি। ‘যে কাজ মানুষকে ক্যানসার উপহার দেয়, সে কাজ করার চেয়ে বেকার থাকা ভালো।’ বলেন রিজওয়ানা।রিজওয়ানা হাসানের কর্মকাণ্ড ঠিক এ সময়টাতেই খুব গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী ব্যবসায়িক মন্দার কারণে শিপিং কোম্পানিগুলো ভাঙার জন্য অনেক বেশি জাহাজ পাঠাচ্ছে। নিজেদের দেশে শ্রমের উচ্চমূল্য ও পরিবেশগত ঝুঁকির কারণে ফ্রান্স, গ্রিস, জাপান ও নেদারল্যান্ডের মতো দেশের প্রতিষ্ঠানগুলো এই কঠিন কাজ অন্য কোনো দেশে স্থানান্তর করতে উত্সাহী হয়ে উঠেছে। এ ব্যবসা চাঙা হয়ে ওঠার ফলে বাড়ছে শিশুশ্রমিকের সংখ্যাও।ব্রাসেলসভিত্তিক একটি শিপ ব্রেকিং বিষয়ক এনজিওর কর্মকর্তা মোহাম্মদ আলী ওরফে শাহীনের দেওয়া তথ্যমতে, শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মরত শ্রমিকদের প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের কম। ‘বল প্রয়োগ করে শিশুদের দিয়ে যা খুশি তা করিয়ে নেওয়া সহজ।’ বলেন শাহীন।২০০৩ সালে রিজওয়ানা হাসান সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, কোনো জাহাজ ভাঙার জন্য ইয়ার্ডে আনার আগে সেটিকে অবশ্যই বিষাক্ত পদার্থমুক্ত হতে হবে। সরকারের পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছে এমন সব শিপ ব্রেকিং ইয়ার্ড এ বছরই বন্ধের নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে আদালত আরও নির্দেশ দেন, ক্ষতিকর পদার্থ বহন করছে এমন কোনো জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। আর যে জাহাজগুলো ঢোকার অনুমতি পাবে, সেগুলো অবশ্যই আগে পরিষ্কার করে আনতে হবে।এই বিজয় এবং এ বছর গোল্ডম্যান পুরস্কার পাওয়ার পর রিজওয়ানা হাসানের কিছু শত্রু সক্রিয় হয়ে ওঠে। রিজওয়ানা হাসান এবং শাহীন বলেন, এমনকি তাঁদের হাড়গোড় গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।এখন ঝুঁকির কারণে রিজওয়ানা সশরীরে শিপ ব্রেকিং ইয়ার্ডে যাওয়া কমিয়ে দিয়েছেন সত্যি, কিন্তু সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, বিরোধিতাকারীদের হুমকি-ধমকি তাঁকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না।রিজওয়ানা বলেন, ‘বাইরের বিশ্ব বাংলাদেশকে একটি ভাগাড় হিসেবে জানুক, তা আমি কিছুতেই চাই না। এটি আমাদের পুরো জাতির জন্য অপমানজনক।’মূল লেখা: ক্রিস্টা মের।আংশিক সংক্ষেপিত ভাষান্তর: ইকবাল হোসাইন চৌধুরী