টাক আর ন্যাড়াদের গল্প
ইডেন গার্ডেনের উইকেট আর ট্রেন্ট জনস্টনের মাথা অনেকটা একই রকম। ইডেনের উইকেটে যেমন কোনো ঘাস নেই, জনস্টনের মাথায়ও কোনো চুল নেই। ন্যাড়া উইকেটের মতো ন্যাড়া মাথা। তবে ন্যাড়া উইকেটেও বেশ কার্যকর ন্যাড়া মাথার এই বোলার। আয়ারল্যান্ড দলে জনস্টন অবশ্য একা নন, ন্যাড়া ক্রিকেটার আছেন আরও একজন। তিনি মিডিয়াম পেসার আন্দ্রে বোথা। আয়ারল্যান্ড দলের মিডিয়াম পেসাররা বোধহয় ঐকমত্যের ভিত্তিতেই ন্যাড়া হয়েছেন।কেউ কেউ স্বেচ্ছায় ন্যাড়া হয়েছেন, আবার কারও কারও মাথায় টাক পড়েছে এমনিতেই। তবে এবারের বিশ্বকাপে যেসব ওপেনার সেঞ্চুরি করেছেন, তাঁদের অনেকের মাথায়ই আছে টাক। বীরেন্দর শেবাগ, হাশিম আমলা, ডেভন স্মিথ, অ্যান্ড্রু স্ট্রাউস সবাই করেছেন সেঞ্চুরি। মাথায় চুলের কমতি থাকলেও ব্যাটে রানের কমতি নেই কারও। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের মাথায় আগে থেকেই টাক ছিল। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দারুণ স্নায়ুচাপে ভুগতে হয়েছে তাঁকে। স্ট্রাউসের টাকের আকৃতি আরেকটু বেড়ে গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। এ বিশ্বকাপে ইংল্যান্ডই একমাত্র দল যাদের দুই ওপেনারের মাথায়ই টাক—অ্যান্ড্রু স্ট্রাউস এবং ম্যাট প্রিয়র। শুধু তা-ই নয়, টাক আছে ওয়ান ডাউন ব্যাটসম্যান জোনাথন ট্রটের মাথায়ও। তবে মাথায় চুল কম হলে কী হবে, ব্যাটে রান কম পাচ্ছেন না স্ট্রাউস-ট্রট। ধারাবাহিকভাবেই রান পাচ্ছেন তাঁরা। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই টেকোই। ৩৩৬ রান করে তালিকার শীর্ষে ট্রট, দ্বিতীয় স্থানে থাকা স্ট্রাউসের রান ৩২৯। ইংল্যান্ডের জন্য ‘টাক’ ব্যাপারটাকে বেশ শুভই বলতে হবে।ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে বিশ্বকাপই শেষ হয়ে যেত ইংল্যান্ডের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যিনি জয় এনে দিলেন সেই জেমস ট্রেডওয়েলের মাথায়ও টাক। বিশ্বকাপ অভিষেকেই চার উইকেট নিয়ে দলের স্বপ্ন বাঁচিয়েছেন এই টেকো। অথচ প্রথম পাঁচটি ম্যাচ ড্রেসিং রুমে কাটিয়েছিলেন ট্রেডওয়েল। ট্রেডওয়েলের মতো আরেক টেকো লুক উডকক। নিউজিল্যান্ডের এই টেকো অলরাউন্ডারেরও বিশ্বকাপ কাটছে ড্রেসিং রুমে।বিশ্বসেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসও বিরল কেশ। কানাডার অভিজ্ঞ অলরাউন্ডার জন ডেভিসন তো টাক নিয়েই বিশ্বকাপ শেষ করলেন, শেষ করলেন ক্যারিয়ার।তবে ন্যাড়া মাথার ক্রিকেটার সবচেয়ে বেশি ছিল কেনিয়া দলে। মাথার চুলের প্রতি বোধহয় দারুণ অনীহা কেনিয়ানদের। ১৫ সদস্যের দলে ৭ জনের মাথাই চুলশূন্য। এবারের বিশ্বকাপে কেনিয়ার পারফরম্যান্সও মাথার মতোই। ৬ ম্যাচের কোনোটাতেই জিততে পারেনি ২০০৩-এর সেমিফাইনালিস্টরা।টাক আর ন্যাড়া ক্রিকেটারদের ভিড়ে ব্যতিক্রমই বলতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়ে দলকে।