সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ৬০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের জিজ্ঞাসাবাদে অস্বীকার করেছেন টি এন ব্রাদার্সের কর্মকর্তারা। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ হোসেন ও পরিচালক তসলিম হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান দল এ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাওহীদ হোসেন ‘ঋণ জালিয়াতি হয়নি’ বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘যে টাকা ঋণ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।’ সে ক্ষেত্রে টাকার পরিমাণ কত?—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টাকার অঙ্ক এ মুহূর্তে বলা যাচ্ছে না।’বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী টি এন ব্রাদার্স গ্রুপ ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা ভুয়া ঋণপত্রের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে আত্মসাত্ করে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দুদক কর্মকর্তাদের একটি লিখিত কাগজ দিয়ে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক। এ ছাড়া অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে উপস্থিত হননি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তাওহীদ-তসলিমের মা জিনাত ফাতেমা। হলমার্ক গ্রুপের জিজ্ঞাসাবাদ ও মামলার পর পর্যায়ক্রমে অন্য চার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। কাল সোমবার, আগামী মঙ্গলবার ও পরশু বুধবার যথাক্রমে প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড, নকশী নিট কম্পোজিট ও খান জাহান আলী সোয়েটার্স লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে দুদক জানিয়েছে।