টাকা আত্মসাতের কথা স্বীকার করলেন তানভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ দুই হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।দুদকের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, তানভীর মাহমুদ দুদকের জিজ্ঞাসাবাদে হলমার্কের নামে অর্থ আত্মসাতের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হন। এরপর গতকাল দুপুর ১২টায় রমনা মডেল থানার একটি মামলায় রিমান্ড শেষে তানভীর মাহমুদকে আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁর খাসকামরায় গতকাল সন্ধ্যা পর্যন্ত তানভীর মাহমুদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, তানভীর তাঁর স্বীকারোক্তিতে এই অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সাবেক সদস্যের নাম বলেন। তানভীর আদালতে অর্থ কেলেঙ্কারির পুরো বিষয়টি বর্ণনা করেন। সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এ কে এম আজিজুর রহমানকে মূল হোতা হিসেবে উল্লেখ করেন তিনি। বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অবৈধ উপায়ে ঋণ নিয়েছেন বলেও স্বীকার করেন তিনি।জবানবন্দিতে তানভীর বলেন, গত বছরের ১৯ অক্টোবর হলমার্কের কর্মচারী জাহাঙ্গীর আলমকে মালিক সাজিয়ে একটি ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের (আনোয়ারা স্পিনিং মিলস) নামে বিধিবহির্ভূতভাবে হিসাব খোলার অনুমোদন দেওয়া হয়। এই হিসাব খোলার ক্ষেত্রে সহায়তা করেন সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী। ব্যাংকের এজিএম সাইফুল হাসান ও হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ পরস্পর যোগসাজশে হলমার্ক ফ্যাশনের হিসাব থেকে ৪৭৪ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের সুতা ২০১১ সালের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত সময়ে রপ্তানির ভুয়া নথি দেখানো হয়। তানভীর আরও জানান, সোনালী ব্যাংক শাখার তৎকালীন ব্যবস্থাপক আজিজুর রহমান, এজিএম সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মতিন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানের সহযোগিতায় অবৈধ উপায়ে ১৩১টি আইবিপি ট্রান্সফার ভাউচারের মাধ্যমে ৪৭৪ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা আনোয়ারা স্পিনিং মিলসের চলতি হিসাবে জমা করেন। এই হিসাব থেকে তিনি পরে টাকা তুলে নেন।জবানবন্দি শেষে তানভীরকে র‌্যাবের বিশেষ পাহারায় নিয়ে যাওয়া হয়। হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ৪ অক্টোবর রমনা মডেল থানায় ১১টি মামলা করে দুদক। গতকালই প্রথম কোনো মামলায় তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির হোতা তানভীরকে ৭ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় দুদকের করা মামলার অপর আসামি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদকেও গ্রেপ্তার করা হয়। তুষার আহমেদ সম্পর্কে তানভীর মাহমুদের ভায়রা। পরদিন চারটি মামলায় তানভীরকে ২৯ দিনের ও তুষারকে তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।