টাকা আদায়ের অভিযোগে পুলিশসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীকে আটকে টাকা আদায়ের অভিযোগে পুলিশের তিন সদস্যসহ সাতজনকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে ছয়জনকে ২ ফেব্রুয়ারি রাতে এবং একজনকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় জানিয়েছেন। তাঁরা হলেন কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল আলম, কনস্টেবল নিয়ামত আলী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহিদুল ইসলাম, পুলিশের সোর্স পরিচয়দানকারী রুহুল আমিন, আবদুল হাই ওরফে মিঠু ও জামাল হোসেন। এরপর গতকাল রাতে গ্রেপ্তার হন উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।ডিবি সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে কাফরুল থানার সাদা পোশাকের টহল দল (সিভিল টিম) মোতায়েন ছিল। একটি মাইক্রোবাসে পুলিশ সদস্যদের সঙ্গে ওই সাবেক সেনাসদস্যসহ বাকি তিনজনও ছিলেন। ওইদিন দুপুরে মহাখালী ফ্লাইওভারের নিচে একটি ট্যাক্সিক্যাব থামিয়ে তল্লাশি চালায় সিভিল টিম। এ সময় তাঁরা এক বোতল মদ থাকার অভিযোগে কেরানীগঞ্জের ব্যবসায়ী আমানুল্লাহ ও ভারতীয় নাগরিক মহাবিদ আগারওয়ালকে আটক করেন। তাঁরা ওই ভারতীয় নাগরিককে তত্ক্ষণাত্ ছেড়ে দিয়ে ব্যবসায়ী আমানুল্লাহকে মাইক্রোবাসে তুলে ঘুরতে থাকেন। আমানুল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। আমানুল্লাহকে বাধ্য করা হয় পরিবারের কাছে ৫০ হাজার টাকা চেয়ে ফোন করতে।ডিবি সূত্র জানায়, ব্যবসায়ী আমানুল্লাহর স্বজনেরা বিষয়টি ডিবি পুলিশকে জানালে ডিবির সহকারী কমিশনার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ২ ফেব্রুয়ারি রাতে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে হাতেনাতে একটি মাইক্রোবাসসহ ছয়জনকে ধরে ফেলে। টহল দলের প্রধান এসআই মোশাররফকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, ভুক্তভোগী ওই ব্যবসায়ী পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।