টাকা উদ্ধারের দায়িত্ব সোনালী ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের আত্মসাৎ করা টাকা উদ্ধারে সোনালী ব্যাংক মামলা না করলে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলা (ক্রিমিনাল কেস) করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আজ বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব ফয়জুর রহমান চৌধুরী এ কথা জানান।হলমার্কের কাছ থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে ফয়জুর রহমান চৌধুরী বলেন, দুদকের কাজ টাকা উদ্ধার নয়। এ কাজটি শুধু ব্যাংক কর্তৃপক্ষের। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুদক আইনানুগ ব্যবস্থা নিতে পারে। আরও তথ্য-উপাত্ত জোগাড় করতে পারে। কিন্তু টাকা উদ্ধার করতে পারে না। এটি ব্যাংকের দায়িত্ব।দুদকের সচিব জানান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ ব্যাংকটির ১১ সদস্যের (পরিচালক) অবৈধ সম্পদের খোঁজখবর নিচ্ছে দুদক। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার পর এ কাজ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। তাঁদের সম্পদের বিষয়ে আলাদা অনুসন্ধান করা হবে। তিনি বলেন, হলমার্কের ঋণ জালিয়াতির ঘটনায় পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে না এলেও দুদকের মামলা-পরবর্তী তদন্তে এ বিষয়ে আরও বিশদভাবে খতিয়ে দেখা হবে। আগামী সপ্তাহে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে তাঁদের নোটিশ দেওয়া হবে বলে জানান তিনি।এর মধ্যে পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জান্নাত আরা হেনরীর সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আপাতত মামলা না করলেও দুদকের দায়ের করা মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততা এলে তখন অভিযোগপত্রে দোষীদের অন্তর্ভুক্ত করা হবে বলে দুদকের বিশেষ অনুসন্ধান বিভাগের সূত্র জানায়।সংবাদ সম্মেলনে দুদকের সচিব বলেন, রেলের অর্থ কেলেঙ্কারির বিষয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের বক্তব্য নিতে দ্রুত চেষ্টা চালাবে দুদক।