৩ মাসে ২৩৬ কোটি টাকা ব্যয় মেরামতকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
টাকা গেল, সড়ক ঠিক হলো না
যোগাযোগমন্ত্রী বলছেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই, তাই সড়কের কাজ করা যাচ্ছে না। অথচ এক মাসেই অর্থাৎ সেপ্টেম্বরেই সড়ক মেরামতে ব্যয় হয়েছে ১৩৩ কোটি টাকা। সড়ক মেরামত ও উন্নয়ন প্রকল্প মিলিয়ে গত তিন মাসে সারা দেশে খরচ হয়েছে মোট ২৩৬ কোটি টাকা। এত টাকা খরচ হলেও অবস্থার তেমন পরিবর্তন নেই। সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা এখনো ভোগান্তির কারণ।সারা দেশে সওজের অধীন সড়ক-মহাসড়ক আছে প্রায় ২১ হাজার কিলোমিটার। গত ২৩ অক্টোবর সংসদে যোগাযোগমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ঈদুল ফিতরের আগে ও পরে চার হাজার ৯৬০ কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। আগামী জুন মাস নাগাদ আরও চার হাজার ৪০০ কিলোমিটার সড়ক মেরামত করতে হবে বলে মন্ত্রী সংসদে জানিয়েছিলেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভাগীয় কার্যালয় থেকে পুনরায় সড়ক মেরামতের জন্য অর্থ চেয়ে প্রায় প্রতিদিনই চিঠি আসছে। সম্প্রতি কুমিল্লা ও যশোর থেকে আসা এমন চিঠিতে বলা হয়েছে, পুনরায় মেরামত করা না হলে সড়ক-মহাসড়ক চালু রাখা কঠিন হয়ে যাবে। ঈদুল আজহায় ঘরমুখী মানুষকে আবার ভোগান্তিতে পড়তে হতে পারে।মন্ত্রণালয় ও সওজ সূত্র জানায়, রক্ষণাবেক্ষণ খাত থেকে ঈদুল ফিতরের সময় যে ১৩৩ কোটি টাকা মেরামতে ব্যয় হয়েছে, এর বেশির ভাগই বিনা দরপত্রে কিংবা তাৎক্ষণিক দরপত্রে পছন্দের ঠিকাদারদের দিয়ে খরচ করা হয়েছে। সড়ক-মহাসড়ক বেহাল হয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। তখন দরপত্র আহ্বানের ঝামেলায় না গিয়ে এ কাজ করা হয়। এটি স্বচ্ছ প্রক্রিয়া নয় বলে মন্তব্য করেন অনেক কর্মকর্তা।সওজের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পছন্দের ঠিকাদারদের কমিশনের ভিত্তিতে কাজ দেওয়ার জন্যই সময়মতো সড়ক মেরামত করা হয় না। অর্থবছরের শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে পছন্দের ঠিকাদারদের মধ্যে কাজ বণ্টন করে দেওয়া একটা নিয়মে পরিণত হয়েছে। এবারও সেটা করতে গিয়ে সড়ক বিধ্বস্ত হয়ে পড়ে।এ বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তা খারাপ থাকতেই পারে। এত স্বল্প সময়ে সব মেরামত করা সম্ভব নয়। যা আছে, তা দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছি।’কম বরাদ্দের কথা পুনরুল্লেখ করে মন্ত্রী বলেন, সওজের হিসাবে বেহাল সড়ক মেরামতে পাঁচ হাজার কোটি টাকা দরকার। কাটছাঁট করলেও তিন হাজার কোটি টাকা লাগে। পাওয়া গেছে ৬৯০ কোটি টাকা। আগামী ডিসেম্বরে সংশোধিত বাজেটে কিছু পাওয়া যেতে পারে।সড়ক মেরামতের নামে অপচয়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাস্তা ভাঙলে মেরামত করতে হবে। এতে কেউ অপচয়ের কথা বললে বলতে পারে। আমরা কী করব?’সারা দেশে ভাঙাচোরা সড়ক: গত এক বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। তার পরও চট্টগ্রামের বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গেট পর্যন্ত ৭২ কিলোমিটার মহাসড়ক ভাঙাচোরাই আছে। কিছু স্থানে বড় বড় গর্ত থাকায় নির্বিঘ্নে যানবাহন চলতে পারে না। এই পথ মেরামতে আরও ৬১ কোটি টাকা বরাদ্দের দেনদরবার চলছে।সওজ কর্মকর্তারা আরও জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশেই ৩৫ কোটি টাকা খরচ করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরপত্র ছাড়াই গাজীপুর অংশ মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে রেজা কনস্ট্রাকশনকে। প্রতিষ্ঠানটি খরচ বেশি দেখিয়ে ৬০ কোটি টাকা বিল করার প্রস্তুতি নিচ্ছে। আগে দরপত্র হয়নি বলে এখন ইচ্ছেমতো বিল করার সুযোগ পাবে।মেরামতের পরও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দ আছে। যশোর-খুলনা পর্যন্ত মহাসড়কের ২৯ কিলোমিটার বেশ নাজুক। খোয়া-বালু দিয়ে কোনো রকমে যান চলাচলের ব্যবস্থা করলেও তা এখন আর মহাসড়ক বলা যাচ্ছে না।বরিশাল-ভোলা-চট্টগ্রাম সড়কের ভোলা অংশের আট কিলোমিটারজুড়ে প্রচুর খানাখন্দ। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কেও বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। জোড়াতালির মেরামত এক সপ্তাহ পরই হারিয়ে যাচ্ছে।প্রথম আলোর আটজন প্রতিবেদক ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, যশোর-খুলনা মহাসড়ক, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক ঘুরে বেহাল অবস্থা দেখতে পান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের আট কিলোমিটারজুড়ে গভীর গর্তের কারণে গত ঈদুল ফিতরের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ইট-বালু দিয়ে জোড়াতালি দেওয়া হয়। সাময়িক মেরামতের পর সড়কটি আবার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।বরাদ্দ ও ব্যয়: সওজ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু ও সড়ক রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৯০ কোটি টাকা। এই টাকার মধ্যে রক্ষণাবেক্ষণ খাতে ৩৫০ কোটি টাকা নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়েছে। বাকি ৩৪০ কোটি টাকা জরুরি মেরামতের জন্য। ঈদুল ফিতরের সময় সারা দেশে সড়কব্যবস্থা ভেঙে পড়লে ৬৯০ কোটি টাকার মধ্যে ৪৩০ কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়।সওজ এই অর্থ পেয়েই সংস্থাটির বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের অধীনে ১৬৭ কোটি টাকা বরাদ্দ দেয়। সেপ্টেম্বরেই এই বরাদ্দ থেকে ১৩৩ কোটি টাকা খরচ হয়ে গেছে। যোগাযোগমন্ত্রী সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছেন, ঈদুল ফিতরের আগে ও পরে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সারা দেশে চার হাজার ৯৬০ কিলোমিটার সড়ক-মহাসড়ক মেরামত করা হয়েছে। এতে প্রায় ১৩৩ কোটি টাকা খরচ হয়েছে। আগামী জুন নাগাদ সারা দেশে আরও চার হাজার ৪০০ কিলোমিটার সড়ক মেরামত করতে হবে বলেও মন্ত্রী সংসদে জানান। চলতি মাসও সড়ক মেরামতে ব্যয় হয়েছে। ফলে বরাদ্দ দেওয়া ১৬৭ কোটি টাকার প্রায় পুরোটাই ব্যয় হয়ে গেছে।রক্ষণাবেক্ষণ বরাদ্দের বাইরে সওজে চলমান প্রকল্প আছে ১৫২টি। এসব প্রকল্পের অধীনে সড়ক উন্নয়ন, মেরামত ও নির্মাণ প্রকল্পের অধীনে চলতি অর্থবছরে ৩২৩ কোটি টাকা সরকারি অর্থ ছাড় করা হয়। এসব প্রকল্পের বৈদেশিক সাহায্য ও ঋণের অর্থ আছে ৭৭৪ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রকল্পের অধীনে শুধু সড়ক উন্নয়ন ও মেরামতে ১০৩ কোটি ৫৩ লাখ টাকা খরচ হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই অর্থবছরে উন্নয়ন প্রকল্প ও রক্ষণাবেক্ষণ খাতে মোট ২৩৬ কোটি ৫৩ লাখ টাকা খরচ হয়ে গেছে।সওজের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রক্ষণাবেক্ষণ খাতের টাকায় যে মেরামত হয়েছে, তা একধরনের লুটপাট। শেষ মুহূর্তে এসে বিনা দরপত্রে কিংবা তাৎক্ষণিক মৌখিকভাবে ঠিকাদারদের সড়ক মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এখনো সড়ক-মহাসড়ক বেহালই আছে।মন্ত্রণালয়ের নথি: যোগাযোগ মন্ত্রণালয়ের নথিপত্রে দেখা গেছে, ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া গত ২০ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার থেকে ভালুকা অংশ আসন্ন ঈদুল আজহার আগেই মেরামতের অনুরোধ জানিয়েছেন। ময়মনসিংহের পুলিশ সুপার জেলা প্রশাসককে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চিঠি দিয়েছিলেন। এরপর জেলা প্রশাসক সওজের প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠান।গত ২২ অক্টোবর একটি গোয়েন্দা সংস্থাও ময়মনসিংহ-ভালুকা অংশে ৫৫ কিলোমিটার মহাসড়ক নাজুক উল্লেখ করে চিঠি পাঠায় যোগাযোগ মন্ত্রণালয়ে। একই সংস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুরবস্থা নিয়েও চিঠি দেয় মন্ত্রণালয়ে। যোগাযোগমন্ত্রী ও সচিব এই চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সওজের কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু কাজ হয়েছে সামান্যই।এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিও গত সপ্তাহে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে আবারও খানাখন্দ সৃষ্টি হয়েছে। মেরামত না করলে যান চলাচল বাধাগ্রস্ত হবে। ঈদুল ফিতরের সময় বাসমালিকেরা এই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন।