টাকা ছাড়া কাজ হয় না যেখানে
‘আপারা খালি ট্যাকা ট্যাকা করে, ট্যাকা ছাড়া তারা কিছুই করে না’—এই কথাটুকু বলেই মুখ লুকান আলেয়া বেগম। আর কিছুই বলতে চান না তিনি। তবে অন্য রোগীরা জানান, পাবনা মা ও শিশু হাসপাতালে টাকা ছাড়া কিছু হয় না। আয়া, সেবিকা ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটররা (এফডব্লিউএফ) প্রসূতি রোগীদের বিপদকে পুঁজি করে টাকা দাবি করেন। তাঁদের প্রতিটি কাজের জন্য অতিরিক্ত টাকা না দিলে সেবা দেন না।হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে প্রসূতি রোগীদের বিনা মূল্যে চিকিৎসা ও ডেলিভারি করানোর জন্য একজন চিকিৎসা কর্মকর্তা, একজন শল্যবিদ, একজন সহকারী সেবিকা, ছয়জন এফডব্লিউএফ, তিনজন আয়া ও একজন অফিস সহকারী রয়েছেন। চিকিৎসা কর্মকর্তা ও সার্জন প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অফিস করেন। এর বাইরে যত রোগী আসে, তাঁদের ডেলিভারি করান পরিদর্শক ও আয়ারা। শুধু গুরুতর সমস্যার রোগীদের ক্ষেত্রে অফিস সময়ের বাইরে চিকিৎসা কর্মকর্তা ও সার্জন আসেন। ফলে স্বাস্থ্য পরিদর্শক, সেবিকা ও আয়াদের কাছে জিম্মি হয়ে থাকে রোগীরা। তাঁরা নিজেদের ইচ্ছামতো রোগীদের সঙ্গে টাকার হিসাবটা মিটিয়ে তারপর কাজ করেন।১০ এপ্রিল ভর্তি হওয়া রোগী আয়েশা আক্তার বলেন, ‘প্যাটে ব্যথা নিয়া যহন ডেলিভারির রোগীরা হাসপিতালে আসে, তহন তাগের কাছে টাহার নিকেশ (হিসাব) থাকে না। আর এই সুযুগি হাসপিতালের আপারা টাহা চায়। আমি নিজেও তাগের খুশি রাখতি ৯০০ টাহা দিছি। তাতেও তারা সন্তুষ্ট না। আরও দিলি ভালো হয় বইলে জানছি।’হাসপাতাল এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন জানান, এই স্বাস্থ্য পরিদর্শকদের জন্য হাসপাতালে এখন রোগী আসতে চায় না। তাঁরা রোগীদের সঙ্গে সব সময় খারাপ আচরণ করেন। অনেক রোগীর আত্মীয়স্বজন অনেক সময় এলাকাবাসীর কাছেও এ বিষয়ে অভিযোগ করে। কিন্তু তাঁদের কিছু করার থাকে না। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এতে কর্ণপাত করে না। শোনা যায়, এই টাকার একটা অংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পকেটেও যায়।এ বিষয়ে কথা হলে এফডব্লিউএফ প্রভাতী সান্যাল ও রাশিদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা যা নেন তা মিষ্টি খাওয়ার জন্য নেন। রোগীরা স্বেচ্ছায় মিষ্টি খাওয়ার জন্য মাঝেমধ্যে তাঁদের টাকা দেন। আবার মিষ্টিও কিনে দেন। এর বাইরে তাঁরা রোগীদের কাছ থেকে কোনো টাকা নেন না।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, ‘এফডব্লিউএফরা রোগীদের কাছ থেকে টাকা নেন এমনটি আমি শুনিনি। তবে কোনো রোগী নির্দিষ্টভাবে অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।’