টাকা ছাড়ে বিলম্ব, প্রকল্প বাধাগ্রস্ত
অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড়ে বিলম্ব হওয়ায় স্থানীয় সরকার বিভাগসহ সরকারের সব বিভাগের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে দ্রুত টাকা ছাড় করতে বলেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি অর্থ মন্ত্রণালয়কে টাকা ছাড়ের প্রক্রিয়া আরও সহজ করার পরামর্শ দিয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড়ের ক্ষেত্রে বিলম্ব হওয়ায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। এ অভিযোগ প্রায় সব বিভাগ থেকেই আসে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে প্রকল্প বাস্তবায়ন যথাযথ এবং মানসম্মত করার জন্য পর্যবেক্ষণ-ব্যবস্থা জোরদার করতে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। মন্ত্রণালয় থেকে বৈঠকে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৩ সালের মার্চ-মে মাসে তৃতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, মোহাম্মদ নজরুল ইসলাম, এনামুল হক ও আ ন ম শামশুল ইসলাম অংশ নেন। অন্যান্যের মধ্যে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, আইএমইডির সচিব মোজাম্মেল হক খান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।