টাকা জমা ব্যাংকে যাচাই অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের ভোগান্তি এবং ব্যবস্থাপনাজনিত দীর্ঘসূত্রতা ও দুর্নীতি কমিয়ে আনতে অনলাইন-ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অনলাইন-পদ্ধতি চালু হলে ব্যাংকে কর ও ফি জমা দিয়ে মোটরযানের নিবন্ধন ও ফিটনেস সনদ সংগ্রহ, মালিকানা বদল ও চালক লাইসেন্স নেওয়া যাবে; দেওয়া যাবে সড়ক করসহ যাবতীয় কর ও ফি। সারা দেশে নির্ধারিত ব্যাংকের ১২০ শাখায় এ টাকা জমা দেওয়া যাবে।বর্তমানে সারা দেশে ডাকঘরের ৯৪টি শাখার মাধ্যমে এ কাজ করা হয়। কোন শাখায় টাকা জমা দিতে হবে, তা ঠিক করে দেয় বিআরটিএ। এর জন্য আগে একবার বিআরটিএতে যেতে হয়। আর সেখানে গিয়ে দালালের খপ্পরে পড়েন গ্রাহক। এতে গ্রাহক ভোগান্তির পাশাপাশি সরকারি অর্থ আত্মসাতেরও ঘটনা ঘটছে।অনলাইনে ফি ও কর নেওয়ার ব্যবস্থা গড়ে তুলতে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বিআরটিএ। প্রতিষ্ঠানটি সাউথইস্ট ব্যাংক ও টেলনেট নামের একটি প্রকৌশল প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের মাধ্যমে এ সেবা দেবে। সম্প্রতি এই নিয়োগ-প্রক্রিয়া সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।বর্তমানে মোটরযানের কর ও ফি বাবদ সরকার গড়ে ৬৫০ কোটি টাকা পাচ্ছে। ডাক বিভাগ সংগৃহীত অর্থের ৩ শতাংশ কমিশন হিসেবে পাচ্ছে। আর অনলাইন-ব্যবস্থা চালুর জন্য কম্পিউটার সিস্টেমকে পাঁচ বছরে প্রায় ৪৫ কোটি টাকা দিতে হবে।আগামী সপ্তাহের মধ্যে সিএনএসের সঙ্গে চুক্তি হবে বলে বিআরটিএ সূত্র জানিয়েছে। তবে চুক্তির পর কাজ শুরু করতে চার মাস সময় লাগবে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য। এ সময় পর্যন্ত ডাকঘরের মাধ্যমে কর ও ফি নেওয়া হবে।অনলাইন-পদ্ধতি: সারা দেশে এখন বিআরটিএর ৩৬টি কার্যালয় আছে। এসব কার্যালয় থেকে রসিদ এনে নির্ধারিত ডাকঘরে টাকা জমা দিতে হয়। অনলাইনসেবা চালু হলে গ্রাহক নির্ধারিত ব্যাংকের সুবিধাজনক শাখায় এ টাকা জমা দিতে পারবেন। এর জন্য আগেই বিআরটিএর কার্যালয়ে যেতে হবে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর পাওয়া গোপন নম্বর নিয়ে বিআরটিএতে গিয়ে তাঁর সেবা নেবেন। টাকা জমা হয়েছে কি না—গ্রাহক চাইলে তাও অনলাইনে দেখতে পারবেন।জানা গেছে, রাজধানীতে ২০টি, চট্টগ্রামে আটটিসহ বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় ১২০টি স্থানে ব্যাংকের মাধ্যমে এ কর ও ফি জমা নেওয়া হবে। যেসব এলাকায় বিআরটিএর কার্যালয় আছে, তবে সাউথইস্ট ব্যাংকের শাখা নেই, সেখানে অন্য ব্যাংকের সঙ্গে চুক্তি করে টাকা জমা নেওয়ার ব্যবস্থা করবে সিএনএস। ব্যাংকের সঙ্গে বিআরটিএর সংশ্লিষ্ট কার্যালয়ের যোগাযোগ হবে অনলাইনে। বিআরটিএর প্রধান কার্যালয় থেকে পুরো প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করার ব্যবস্থা থাকবে।বর্তমানে ডাকঘরে টাকা জমা দেওয়ার পর তিনটি রসিদ দেওয়া হয়। একটি ডাকঘরে রেখে দেওয়া হয়। একটি বিআরটিএতে এবং অন্যটি গ্রাহকের কাছে থাকে। ডাকঘরের সঙ্গে বিআরটিএর সরাসরি যোগাযোগ না থাকায় মাঝখানে দালাল, প্রতারক কিংবা অসাধু সরকারি কর্মীদের সুযোগ নেওয়ার অবকাশ থাকে।সিএনএসের ব্যবস্থাপনা পরিচালক মনির উজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে টাকা জমা নিশ্চিত হয়ে বিআরটিএ মোটরযানের যাবতীয় কার্যক্রম করতে পারবে। চার মাসের মধ্যেই সারা দেশে এই সেবা চালু করা সম্ভব হবে।ডাকঘর ও অনিয়মের সুযোগ: ১৯৭৮ সাল থেকে ডাক বিভাগের মাধ্যমে মোটরযানের ফি ও কর নেওয়া হচ্ছে। ঢাকায় ১৮টিসহ সারা দেশে ৯৪টি ডাকঘরের মাধ্যমে এই অর্থ নেওয়া হয়। কিন্তু এ প্রক্রিয়ায় ডাকঘরের সঙ্গে বিআরটিএর সংশ্লিষ্ট কার্যালয়ের সরাসরি কোনো যোগাযোগ ছিল না। ডাকঘরে অর্থ জমা দেওয়ার পর যে রসিদ দেওয়া হতো, তা বিআরটিএতে জমা দিয়ে প্রয়োজনীয় কাজ করতে হতো। এ ক্ষেত্রে বিআরটিএর পক্ষে তাৎক্ষণিকভাবে ওই অর্থ জমা হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ ছিল না।এই সমন্বহীনতার কারণে ২০০৩ সালে ডাকঘরের কর্মীদের বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে মামলাও করে। জানা গেছে, সে সময় গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব ডাকঘরের স্থায়ী রেজিস্টারে অন্তর্ভুক্ত না করে কর্মীরা আত্মসাৎ করে ফেলেন। এতে গ্রাহকদের পুনরায় অর্থ পরিশোধ করতে হয়।ডাক বিভাগ এ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেয় ২০০৯ সালে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিআরটিএকে দেওয়া ডাক বিভাগের চিঠিতে বলা হয়, বিভাগীয় তদন্তে সাড়ে ১২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ৯১ লাখ টাকা আত্মসাৎকারীদের কাছ থেকে আদায় করা হয়েছে। বিভাগীয় মামলায় ৩৬ কর্মচারীর বিভিন্ন মেয়াদে শাস্তিও হয়েছে।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকঘরে টাকা জমা দেওয়া হলে বিআরটিএ সেগুলো যাচাই-বাছাই করতে পারত না। ফলে দুর্নীতি হতো। গ্রাহকদেরও বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো। অনলাইনে টাকা জমা দেওয়া হলে গ্রাহকের ভোগান্তি কমবে, স্বচ্ছতাও আসবে। দালালেরাও গ্রাহকদের কাছ থেকে সুবিধা নিতে পারবে না।এখন টাকার অঙ্ক জানা, টাকা জমা দেওয়া, রসিদ সংগ্রহসহ বাকি সেবা পাইয়ে দেওয়ার জন্য গ্রাহকদের কাবু করে দালালেরা। অনলাইন-পদ্ধতি চালু হলে এ অবস্থার পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে।