টাকা নিয়ে চাকরি, জড়িত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সনদ ব্যবহার করে পুলিশ বাহিনীতে মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়া চক্রের সঙ্গে পুলিশের লোকজন জড়িত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ চক্র দরকারি কাগজপত্র তৈরি থেকে শুরু করে নিয়োগ পরীক্ষায় পাস করানো পর্যন্ত সবকিছুই করে থাকে।সম্প্রতি জাল সনদে গ্রেপ্তার হওয়া ২২ শিক্ষানবিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া তাঁদের জবানবন্দি থেকে এসব তথ্য জানা গেছে।পুলিশ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ২৪ কনস্টেবলের স্থায়ী ঠিকানা ও সনদ যাচাই করতে গিয়ে এ ঘটনা ধরা পড়ে। এদের বিরুদ্ধে মামলা করে ২৩ জনকে নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়। একমাত্র নারী কনস্টেবল পলাতক আছেন। তিনি রংপুর প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পরে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাঁরা জানান, ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. বাবুল মিয়া শেখ এ চক্রের মাঠপর্যায়ের নেতা। তাঁর সঙ্গে বিভিন্ন জেলায় আরও ছয়জন জড়িত ছিলেন। তাঁদের মাধ্যমে তিন থেকে চার লাখ টাকা করে দিয়ে তাঁরা এই চাকরি পেয়েছেন। তবে এর বাইরে পুলিশের উচ্চপর্যায়ের কারা জড়িত, তা তাঁরা জানেন না বলে জানান।অপর কনস্টেবল মিনহাজ উদ্দিনের জমা দেওয়া মুক্তিযোদ্ধা সনদ ঠিক আছে বলে জানান মামলার প্রথম তদন্ত কর্মকর্তা।এ ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই বাবুল শেখ কর্মস্থলে অনুপস্থিত আছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাঁকে ধরার জন্য গত ছয় মাসেও পুলিশ কোনো অভিযান চালায়নি বলে স্বীকার করেছেন মামলার দুই তদন্ত কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন, বাবুল শেখকে ধরতে পারলেই এই চক্রে পুলিশের আর কোন কোন কর্মকর্তা জড়িত, তা বের হয়ে আসত।যেভাবে নিয়োগ হয়: পুলিশ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কোটায় পরীক্ষা দেন এক নারীসহ এই ২৪ জন। ঢাকার গেন্ডারিয়ার মিলব্যারাকে তাঁদের পরীক্ষা হয়। এরা সবাই স্বাস্থ্যগত, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ৫ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ২৩ জনের ছয় মাসের প্রশিক্ষণ শুরু হয়। নারী কনস্টেবল জেসমিন আক্তারের প্রশিক্ষণ চলে রংপুরে।এরপর তাঁদের অভিভাবকদের মুক্তিযোদ্ধা সনদ পরীক্ষার জন্য পাঠানো হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তাঁদের অভিভাবকদের মুক্তিযোদ্ধা সনদ জাল বলে জানায়। ঢাকা জেলার রিজার্ভ কর্মকর্তা (আরও-১) জাকির রাব্বানী বাদী হয়ে গত ৭ জুলাই গেন্ডারিয়া থানায় ২৪ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন। ১৪ জুলাই নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২৩ শিক্ষানবিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে গেন্ডারিয়া থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া সবাই পরে জামিনে ছাড়া পান।তাঁদের ১৩ জনের গ্রামের বাড়ি গাইবান্ধায়, নয়জনের বগুড়া, একজন টাঙ্গাইল ও আরেকজনের বাড়ি বাগেরহাটে। তাঁরা সবাই নিজেদের ধামরাইয়ের বাসিন্দা দেখিয়ে চাকরি নেন। কারণ, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কোটা সব সময় প্রায় খালি থাকে।গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলাটি প্রথম তদন্ত করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জাহান। পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদের আগে তিনি মামলার নথিপত্র বুঝে পেয়েছেন। আদালতে ২২ জন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জাল সনদ তৈরি এবং পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার সঙ্গে জড়িত চক্রের ছয়জনের নাম বলেন। তাঁরা হলেন: ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল মো. বাবুল মিয়া শেখ, বগুড়ার হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও আশিক, বাগেরহাটের দীন মোহাম্মদ সাব্বির এবং টাঙ্গাইলের মোস্তাফিজুর রহমান।ওই কর্মকর্তা আরও জানান, মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়া ২৩ জনই নিজের নাম ও বাবার নাম ঠিক রেখে ঢাকা জেলার ধামরাই উপজেলার ঠিকানা ব্যবহার করেছেন। ঢাকা জেলার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন কম থাকায় আলোচিত ২৩ জন মুক্তিযোদ্ধার সনদে ধামরাইয়ের ঠিকানা বেছে নিয়েছেন।মামলার প্রথম তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার এসআই সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ২৪ জনের মধ্যে মিনহাজ উদ্দিন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে।অভিযোগ বাবুল শেখের বিরুদ্ধে: টাকা নিয়ে চাকরি দেওয়ার সঙ্গে জড়িত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল বাবুল মিয়ার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। আলোচিত ২৪ জনের মধ্যে ১৩ জনের বাড়িও এই উপজেলায়। বাবুল গত ২০ জুলাই নৈমিত্তিক ছুটিতে গিয়ে আর কর্মস্থলে যোগ দেননি।জানতে চাইলে প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বাবুলের অনুপস্থিতির বিষয় প্রথম আলোর কাছে স্বীকার করেন।জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস প্রথম আলোকে বলেন, বাবুল শেখকে খোঁজা হচ্ছে। আর সনদ জালের অভিযোগে ১৩ জনের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে।এলাকায় গেলে গোবিন্দগঞ্জের কামারদহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিরুল হাসান বলেন, বাবুল পুলিশে চাকরি দেন, এটা এলাকার সবাই জানে। কামারদহের ফাঁসিতলায় বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে তাঁর তৃতীয় তলা ভবনের সামনে কথা হয় স্ত্রী ফাহিমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামী ছুটিতে বাড়ি এসেছেন। কয়েক দিনের মধ্যে ঢাকায় কর্মস্থলে যোগ দেবেন।’ তবে বাবুলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, তিনি বাড়ির বাইরে আছেন। বাবুলের ফোন নম্বরও দিতে রাজি হননি তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ এলাকার যুবকদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের পুলিশের চাকরি দিচ্ছেন।বাবুলের স্ত্রী ফাহিমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। স্ত্রীর নির্বাচনে বাবুল বহু টাকা খরচ করেছেন বলে জানান এলাকার লোকজন।নিয়োগের নিয়ম: পুলিশ কনস্টেবলের শূন্য পদে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহীদের নির্ধারিত স্থানে ডাকা হয়। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে চার সদস্যের কমিটি প্রার্থীদের বাছাই ও নিয়োগ দেয়।প্রথমে প্রাথমিক স্বাস্থ্যগত পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণরা ৪০ নম্বরের লিখিত পরীক্ষা দেন। এতে যাঁরা পাস করেন, তাঁদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হয়। এরপর হয় চূড়ান্ত স্বাস্থ্যগত পরীক্ষা। এরপর প্রার্থীদের স্থায়ী ঠিকানায় অনুসন্ধান করে পুলিশ সদর দপ্তরে চারিত্রিক যাচাই প্রতিবেদন পাঠানো হয়। শেষে তাঁদের নিকটবর্তী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়া শেষ করতে সক্ষম হয়েছেন আলোচিত এই কনস্টেবলরা।ওই নিয়োগ কমিটির সভাপতি ইকবাল বাহার বর্তমান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যগত, লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হওয়ার পর তাঁদের কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তাঁদের শিক্ষাগত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করা হয়। তবে মাঠপর্যায়ে এসব কাগজপত্র যাচাইয়ের কোনো সুযোগ নেই। কিন্তু পরে নিয়োগ পাওয়া কনস্টেবলদের অভিভাবকদের মুক্তিযোদ্ধা সনদ মন্ত্রণালয়ে ভুয়া প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। ২২ জনই মোটা অঙ্কের টাকা দিয়ে এই নিয়োগ-প্রক্রিয়া পেরিয়ে নিয়োগ পেয়েছেন বলে আদালতে বলেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ইকবাল বাহার বলেন, ‘কে কার সঙ্গে চুক্তি করেছেন, আমি জানি না। কমিটির কারও ব্যাপারে অভিযোগ থাকলে স্পষ্ট করে তাঁদের নাম বলতে হবে।’এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, নিয়োগ কমিটি সনদ যাচাই-বাচাই ও পরীক্ষা নেয়। কিন্তু মাঠপর্যায়ে সনদ জাল না আসল, তা তাদের পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। এ কারণেই নিয়োগপ্রাপ্তদের জমা দেওয়া সনদ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে তা ভুয়া বলে প্রমাণিত হয়। আইজিপি মনে করেন, এতে প্রমাণিত হয় না, নিয়োগ কমিটি লেনদেনের সঙ্গে জড়িত।পুলিশ কনস্টেবল বাবুল মিয়া শেখের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে আইজিপি বলেন, ‘খতিয়ে না দেখে তাঁর সম্পর্কে মন্তব্য করা যাবে না। ঘটনার তদন্ত চলছে। তদন্তে বেরিয়ে আসবে, এর সঙ্গে কারা জড়িত।’তবে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজি এ এস এম শাহজাহান বলেন, লেনদেনের বিনিময়ে নিয়োগ এবং নিয়োগপ্রাপ্তদের সনদ ভুয়া প্রমাণিত হলে তা হবে দুর্নীতির চরম পর্যায়। নিয়োগ কমিটি এ দায়িত্ব এড়াতে পারে না। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।