‘যে ছেলেকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। আর সেই ছেলের সাহায্যের জন্য দেশ-বিদেশের এত মানুষ এগিয়ে এল। তারা এত দয়াবান! অমর হয়ে থাকুক তারা। আর এর সবকিছুই হয়েছে প্রথম আলোর জন্য।’ প্রথম আলো ডটকমের সহূদয় পাঠকদের পাঠানো অর্থের সর্বশেষ অংশ হাতে পেয়ে চোখের পানি মুছতে মুছতে মুছতে আজ রোববার এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন মতিলাল রবিদাস। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দউড়া গ্রামে। অভাবের সংসারে এই টাকা পেয়ে মতিলাল তাঁর স্ত্রী বাসন্তী ও সন্তান রবিনহুডকে নিয়ে এখন নতুন স্বপ্ন দেখছেন। দুধ খেতে পারছে রবিনহুড।প্রসঙ্গত, বিয়ের ১২ বছর পর জন্ম হয় রবিনহুডের। কিন্তু জন্মের পরপরই ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয় শিশুটি। চিকিত্সক পরামর্শ দিয়েছেন, ওষুধের পাশাপাশি দুর্বলতা সারাতে হলে শিশুটিকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শিশুটির মা বাসন্তীও অসুস্থ। তাই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। এ ছাড়া শিশুটির জন্য বাজারের ব্যয়বহুল দুধ কেনার সামর্থ্য নেই বাড়ি বাড়ি গিয়ে জুতো সেলাই করে জীবন কাটানো মতিলাল রবিদাসের। বিষয়টি নিয়ে গত ২৪ জানুয়ারি প্রথম আলো ডটকমে ‘ছেলের দুধের জন্য...’, ২৫ জানুয়ারি ‘শিশুটির পাশে দাঁড়াতে চান যাঁরা...’ এবং ২৮ জানুয়ারি ‘প্রথমেই ছেলের জন্য দুধ কিনবেন মতিলাল’ শিরোনামে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনগুলো পড়ে দেশ-বিদেশ থেকে সহূদয় পাঠকেরা মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত শিশুটির পাশে দাঁড়ান। তাঁরা ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রায় লাখ দেড়েক টাকা পাঠিয়েছেন। এর আগে মতিলালের হাতে আনুষ্ঠানিকভাবে ১৫ হাজার ২৫৬ টাকা তুলে দেওয়া হয়। আর রূপালী ব্যাংকে মতিলালের হিসাবে বাকি টাকা জমা করা হয় আজ রোববার দুপুরে।ব্যাংকের ব্যবস্থাপক মো. জিয়াউল হক আজ আনুষ্ঠানিকভাবে মতিলালের হাতে এক লাখ ৩১ হাজার ৭৫৫ টাকা বুঝিয়ে দেন। সর্বশেষ এ টাকা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে মতিলালের হাতে এক লাখ ৪৭ হাজার ১১ টাকা বুঝিয়ে দেওয়া হয়। পুরো টাকাই প্রথম আলো অনলাইনের পাঠকেরা পাঠিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা সুনীল চন্দ্র সরকার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আবদুল ওয়াদুদ ভূঁইয়াসহ প্রথম আলোর কেন্দুয়া প্রতিনিধি শেখ কামাল উপস্থিত ছিলেন।টাকা পেয়ে মতিলাল আরও বলেন, ‘ছেলের দুধ কেনা ও তার মায়ের চিকিত্সার জন্য এখন আর কষ্ট করতে অইবো না।’রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. জিয়াউল হক বলেন, মতিলালের ব্যাংক হিসাবে আরও কেউ টাকা পাঠালে তা তাঁকে জানানো হবে। তাছাড়া দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকের শাখা থেকে ইলেকট্রনিক ও টেলিগ্রাফি ট্রান্সফারের মাধ্যমেই বেশির ভাগ টাকা পাঠানো হয়েছে। এ জন্য সাহায্যদাতাদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।