টাকা ফেরত চাওয়ায় খুন হন মিলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের শিবগঞ্জের খরাদিপাড়ায় নিজ বাসায় গৃহকর্মীসহ শাহিদা আক্তার মিলি খুনের ঘটনায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন প্রতিবেশী এক যুবক। যুবকের নাম আবদুল মালেক, পেশায় রংমিস্ত্রি।জবানবন্দিতে তিনি গৃহকর্মীসহ মিলি হত্যার দায় স্বীকার করেন। মালেক বলেন, তাঁর কাছে বিনিয়োগ করা টাকা লভ্যাংশসহ ফেরত চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বঁটি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটান। পরে দুজনের মরদেহে আগুন দিয়ে বাসা থেকে কিছু টাকা ও মিলির ব্যবহূত মুঠোফোন নিয়ে পালান। গতকাল শুক্রবার ভোরে পুলিশ মালেককে শিবগঞ্জের খরাদিপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে। মালেক খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেন। রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনের বর্ণনা দেন।পুলিশ জানায়, আবদুল মালেক পেশায় একজন রংমিস্ত্রি। পাশাপাশি তিনি সবজি ব্যবসাও করতেন। খরাদিপাড়ায় মিলিদের বাসার পাশে ২৩ নম্বর বাসায় তিনি ভাড়া থাকতেন। গত ২৮ ফেব্রুয়ারি রাতে খরাদিপাড়ায় ২৮ নম্বর (পারিজাত) বাসা থেকে মিলি (২৯) ও গৃহকর্মী মমতা বেগম ওরফে হনুফার কিছু অংশ পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিলির বড় ভাই আবুল কাশেম মিহিন বাদী হয়ে গত ২ মার্চ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। আসামির খোঁজে পুলিশ মিলির ব্যবহূত মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে চার দিনের মাথায় আবদুল মালেককে শনাক্ত করে গ্রেপ্তার করে। খুনের দায় স্বীকার করে আবদুল মালেক জবানবন্দিতে বলেন, ‘দুই-তিন মাস আগে মিলিদের বাসার সীমানাপ্রাচীর রং করার কাজ করি। দুই হাজার ৪০০ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক এ কাজ করি। এ সময় মিলি আপুর সঙ্গে আমার পরিচয়। রংমিস্ত্রির কাজ করার সময় তিনি আমাকে পাশাপাশি কোনো ব্যবসা করা যায় কি না, প্রস্তাব করেন। এ প্রস্তাবে আমি পুঁজি নেই বলে জানাই। এর প্রায় মাসখানেক পর ডিসেম্বরে মিলি আপা আমাকে বাসায় ডেকে নিয়ে পুঁজি পেলে কী ধরনের ব্যবসা করা যায়—জানতে চান। আমি সবজি ব্যবসার কথা বলি। দৈনিক লাভ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে আমি ৩০ হাজার টাকা আনি। কিন্তু ব্যবসায় কোনো লাভ হচ্ছিল না বলে আমি আর মিলি আপুর বাসায় যাইনি।’খুন করার কোনো পরিকল্পনা তাঁর ছিল না জানিয়ে মালেক বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে একদিন তিনি ফোন করে সবজি ব্যবসায় বিনিয়োগ করা তাঁর ৩০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলেন। আমি ২২ ফেব্রুয়ারি টাকা ফেরত দেব বলে জানাই। টাকা নিয়ে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাসায় যাই। মিলি আপু আমাকে ৩০ হাজার টাকার সঙ্গে ১০ হাজার টাকা লাভসহ মোট ৪০ হাজার টাকা দিতে বলেন। আমি তাঁকে জানাই যে ব্যবসায় লাভ হয়নি, বরং লোকসান হয়েছে। তবু তিনি লাভসহ টাকা দিতে বলেন। এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমি উনার (মিলি) গলা চেপে ধরি। তখন রান্নাঘর থেকে কাজের মেয়ে (হনুফা) বঁটি নিয়ে আমার দিকে তেড়ে আসে। একটি কোপ দেওয়ার চেষ্টা করলে আমি মিলিকে ধাক্কা দিয়ে ফেলে কাজের মেয়ের কাছ থেকে বঁটি কেড়ে নিয়ে একটি কোপ দিই। ওই কোপে মেয়েটির গলা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শেষে বঁটি দিয়ে মিলি আপুকে গলায় ও কোমরে কোপ দিই।’খুনের পরবর্তী অবস্থার বর্ণনা দিতে গিয়ে মালেক বলেন, ‘ঘটনাস্থলেই দুজন মারা যান। এ বিষয়ে আমি নিশ্চিত হওয়ার পর আলমারি খুলে দুই হাজার ৪০০ টাকা ও মিলি আপুর মোবাইল ফোনসেট নিই। পরে দুজনের লাশ কিছু কাপড় দিয়ে ঢেকে মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে দিই।’বাসা থেকে বের হওয়া প্রসঙ্গে জবানবন্দিতে মালেক বলেন, ‘বাসায় মিলি আপু একা থাকতেন। বাসায় থাকলে এবং বাসার বাইরে গেলে তিনি কলাপসিবল গেট তালা দিয়ে রাখতেন। হত্যার পর আমি প্রথমে সামনের দরজা দিয়ে বের হয়ে দেখি, কলাপসিবল গেট লাগানো। পরে বাসার ওপর ছাদের দরজা খুলে ছাদ থেকে একটি পাইপ বেয়ে নিচে নেমে পালাই।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জবানবন্দি রেকর্ড শেষে মালেককে কারাগারে পাঠানো হয়েছে। মিলি সিলেটে একজন স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত ছিলেন। জালালাবাদ রোটারেক্ট ক্লাবের সহসভাপতিসহ রেড ক্রিসেন্ট, সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) প্রভৃতি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।