২১ কোটি টাকা ফেরত চাওয়ায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বিরকে হত্যা করা হয়েছে। নিহত সাব্বিরের বাবা হাসেম চৌধুরী গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ সাক্ষ্য দেওয়ার সময় এ কথা বলেন।হাসেম চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল ইসলাম। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা শুরু করেন। এই জেরা শেষ না হওয়ায় আদালত ৩১ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল পর্যন্ত সাব্বির হত্যা মামলায় চারজন সাক্ষ্য দিলেন।আদালত সূত্র জানায়, হাসেম চৌধুরী সাক্ষ্যে বলেন, সাব্বির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পর তিনি এক কোটি টাকা খরচ করে তাঁকে একটি আইটি ফার্ম (তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান) করে দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীর ও সাব্বির ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাব্বির তাঁকে (হাসেম) জানায়, বসুন্ধরার আইটি কমিউনিকেশনে শেয়ার ও পরিচালক করার প্রস্তাব দিয়েছে সানবীর। ওখানে কাজ করলে ভালো হবে। এরপর বসুন্ধরা সাব্বিরকে শেয়ার (সিকিউরিটিজ) ব্যবসা দেখার জন্য লন্ডনে পাঠায়। তাদের সঙ্গে চুক্তি হয়, যা লাভ হবে তার পাঁচ শতাংশ তাঁকে (সাব্বির) দেওয়া হবে। ৪০০ কোটি টাকা লাভ হয়। সাব্বির লাভের পাঁচ শতাংশ হিসাবে ২০ কোটি টাকা চায়। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।হাসেম চৌধুরী আরও বলেন, এরপর সাব্বির বসুন্ধরা ছেড়ে অন্যত্র চাকরির চেষ্টা করে। এ কারণে সাব্বির তার আইটি ফার্মের এক কোটি ও ব্যবসায়িক লাভের ২০ কোটি মিলিয়ে মোট ২১ কোটি টাকা ফেরত চায়। কিন্তু তারা তা দিতে চাইছে না বলে সাব্বির তাঁকে জানায়। সাক্ষ্যে তিনি বলেন, ‘সাব্বির তাঁকে জানায়, বসুন্ধরার চাকরি ছেড়ে দিয়ে সে চট্টগ্রামে নিজেই ব্যবসা শুরু করবে। এ জন্য আমি একটি অফিস ভাড়া করে রেখেছিলাম। কিন্তু তার আগেই ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির নিহত হয়। ঘটনার দিন আমি তাবলিগে ছিলাম। টেলিফোনে মৃত্যুর খবর পেয়ে প্রথমে ঢাকায় ও পরে চট্টগ্রামে যাই। সেখানে সাব্বিরের লাশ দেখি। সাব্বিরের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখতে পাই। আঘাত পেয়েই সাব্বির নিহত হয়েছে।’আদালতে হাসেম চৌধুরী আরও বলেন, ‘পরে জানতে পারি সানবীর ও তার সহযোগী শামছুদ্দিন, উজ্জ্বল ও অন্য সহযোগীদের সাহায্যে পরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করে।’ আমার মেয়েরজামাই এ এস এম আসিফ আমাকে জানায়, ‘ঘটনার দিন সানবীর টেলিফোন করে সাব্বিরকে গুলশানের বাড়িতে নিয়ে যায়। আসামিরা সাব্বিরকে হত্যা করার পর তার লাশ নিচে ফেলে দেয় এবং আলামত নষ্ট করার চেষ্টা করে। সানবীর সাবেক সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতায় বিদেশে পালিয়ে যায়। বসুন্ধরার কর্মকর্তা আবু সুফিয়ান ওই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ২১ কোটি টাকা ঘুষ দেন। এ নিয়ে মামলাও হয়েছে। সাব্বিরের পাওনা টাকা না দিতে এবং বসুন্ধরা ছেড়ে গেলে প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে, তাই কৌশলে তাকে হত্যা করা হয়েছে। আদালতে তিনি ন্যায়বিচার দাবি করেন।’২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের একটি বাড়িতে সাব্বির খুন হন। সানবীর এ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। একপর্যায়ে সানবীর বিদেশে পালিয়ে যান। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। সানবীরকে মামলা থেকে রক্ষা করতে বসুন্ধরা গ্রুপ থেকে বাবর ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, যা তিনি গ্রেপ্তারের পর স্বীকার করেন। এ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।