টাকা ফেরত চেয়ে বাড়ি ঘেরাও, সড়ক অবরোধ
বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে অনলাইন আউট সোর্সিং প্রতিষ্ঠান ডোলেনসারের গ্রাহকেরা তিন দিন ধরে মিরপুরের মধ্য পীরেরবাগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বাড়ি ঘিরে রেখেছেন।একই দাবিতে আজ রোববার সংসদ ভবনের সামনের সড়ক প্রায় ঘণ্টা খানেক অবরোধ করে রাখা হয়। গ্রাহকেরা অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক রোকন ইউ আহমেদ প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ গ্রাহকের বিনিয়োগ করা কোটি কোটি টাকা নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন এবং পরিবারের লোকজনকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রতি সপ্তাহে বিনিয়োগকারীদের টাকা দেওয়ার কথা থাকলেও তিন মাস ধরে প্রতিষ্ঠানটি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই গত শুক্রবার রাত থেকে গ্রাহকেরা রোকনের বাড়ি ঘেরাও করে তাঁর শ্বশুর-শাশুড়িকে আটকে রাখেন। আজ শতাধিক গ্রাহক মধ্য পীরেরবাগ থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে এসে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে বাড়ি ঘেরাও কর্মসূচি অব্যাহত রযেছে। বিদেশ থেকে এসে টাকা ফেরত না দেওয়া হলে আন্দোলন আরও কঠিন হবে বলে হুমকি দিয়েছেন বিনিয়োগকারীরা।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় মধ্য পীরেরবাগে রোকন ইউ আহমেদের বাড়ি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। টাকা ফেরতের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।