তথাকথিত বহু ধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর প্রতারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের বিনিয়োগকৃত টাকা ফেরত দেওয়ার এবং ওই প্রতিষ্ঠানের বাকি কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গ্রাহকদের সংগঠন ইউনিপে মেম্বারর্স ক্লাব লিমিটেড আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে তাঁরা সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন।সড়ক অবরোধ সম্পর্কে জানতে চাইলে ওই সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বক্তিয়ার প্রথম আলোকে বলেন, ‘৪০টি জেলা ও থানা পর্যায়ে আমাদের সংগঠনের শাখা-প্রশাখা রয়েছে। সব জায়গায় আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছি। এখন পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক এবং চট্টগ্রাম বন্দরসংলগ্ন সড়ক অবরোধের ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।’সংবাদ সম্মেলনে গ্রাহকেরা বলেন, প্রতারিত ছয় লাখের বেশি গ্রাহকের অধিকাংশই আন্দোলনে অংশ নেবেন।২০০৯ সালের অক্টোবরে দেশে কার্যক্রম শুরু করে মালয়েশিয়াভিত্তিক ইউনিপেটুইউ। স্বর্ণের ব্যবসার কথা বলে ১০ মাসে দ্বিগুণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিনিয়োগের আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। এতে আকৃষ্ট হয়ে ছয় লাখের বেশি গ্রাহক বিনিয়োগ করেন। একপর্যায়ে গ্রাহকদের বিনিয়োগ করা কোটি কোটি টাকা নিয়ে সটকে পড়ে প্রতিষ্ঠানটি। গ্রাহকেরা প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তিন শতাধিক মামলা করেন। টাকা ফেরত পাওয়ার দাবিতে তাঁরা মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং অনশন করেন। গত বছরের ৬ জুন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এরপর আদালতের নির্দেশে তিনটি ব্যাংক হিসাবে থাকা ইউনিপেটুইউর ৪১৯ কোটি টাকা জব্দ করা হয়। গত শনিবার রাতে ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ও মহাব্যবস্থাপক জামশেদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দুটি মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউনিপেটুইউ গ্রাহকদের কাছ থেকে প্রায় ছয় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ১৬ মাস হয়ে গেলেও টাকা ফেরতের আশ্বাস ছাড়া তাঁরা কিছু পাননি। তাঁরা জব্দ করা টাকা ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকদের সংগঠনের মাধ্যমে তাঁদের ফিরিয়ে দিতে আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।লিখিত বক্তব্যে আরও বলা হয়, দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও এখনো মেজর (অব.) জলিল, মেজর (অব.) মুকিত, এম এ তাহেরসহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে। তাঁরাসহ প্রতিষ্ঠানের দালালচক্রের ১০০ জন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও খবর পাওয়া গেছে। তারা ওই দুজনকে বের করার জন্য তৎপরতা চালাচ্ছে। আন্দোলনকারীদের ভয়ভীতি দেখাচ্ছে ও হত্যার হুমকি দিচ্ছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদেরও গ্রেপ্তার করতে হবে। না হলে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন করা হবে। অতীতের মতো পুলিশ তাঁদের মামলা নিচ্ছে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুজ্জামান বক্তিয়ার। সংগঠনের সভাপতি সরওয়ার মোরশেদ ছাড়াও কয়েকজন প্রতারিত গ্রাহক বক্তব্য দেন।যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, রিমান্ডে মুনতাসির ও জামশেদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁরা গ্রাহকদের কাছ থেকে এক হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান। টাকা নিজের নামে নয়, বরং পরিবারের অন্য সদস্য, আত্মীয়স্বজনসহ বিভিন্নজনের নামে সম্পদ গড়েছেন। মামলা সম্পর্কে ওসি বলেন, সাড়ে ছয় লাখ গ্রাহকের মামলা থানায় নেওয়া সম্ভব নয়। তাই বিভাগ অনুযায়ী একেকটি মামলা নেওয়া হচ্ছে। এই রিমান্ড শেষে গ্রেপ্তার হওয়া দুজনকে আরও কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া হবে।