টাকা ফেরত পেতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্র এক: গতকাল বেলা ১১টা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বর্ধিত (এনেক্স) ভবনের পঞ্চম তলায় পূর্বাচল সেল বা অনুবিভাগ। প্লট না পেয়ে জমা টাকা ফেরত নিতে কুমিল্লা থেকে এসেছেন রকিব (ছদ্মনাম)। উদ্দেশ্য জানাতেই এক কর্মচারী তাঁকে আটকে দিলেন। বললেন, ‘ষষ্ঠ তলায় যান।’ একটু পরে তিনি ফেরত আসেন। জানালেন, সেখান থেকে তাঁকে আবার এখানে পাঠানো হয়েছে। বলা হয়েছে পূর্বাচল প্রকল্পের উপপরিচালকের সঙ্গে দেখা করতে। ওই কর্মচারী এবার বললেন, উপপরিচালক ব্যস্ত আছেন।রকিব অপেক্ষায় ছিলেন। খানিক পরে উপপরিচালক বাইরে এলেন। রকিব সালাম দিয়ে টাকা ফেরত পাওয়ার বিষয়ে কথা বলতে চাইলেন। উপপরিচালক বললেন, ‘চেয়ারম্যান সাহেব ডেকেছেন, এখন কথা বলতে পারছি না। ষষ্ঠ তলায় যান।’জানা গেছে, ষষ্ঠ তলায় পূর্বাচল প্রকল্পের দপ্তর। প্রকল্প পরিচালক, ব্যবস্থাপকেরা সেখানে বসেন।রকিব পূর্বাচল সেল থেকে বের হতেই এগিয়ে এলেন রাজউকের কর্মচারী নামধারী এক দালাল। বললেন, ‘কিছু খরচাপাতি না করলে টাকা ফেরত পাওয়া কঠিন।’রকিব বললেন, ‘এক বছর ধরে টাকাটা আটকে আছে। জমা দিতে একবার কষ্ট পেলাম। প্লট তো পেলামই না, এখন টাকা ফেরত নেওয়া দেখছি আরও কঠিন।’এ ধরনের হাজারো রকিব আর প্রচুর দালাল-কর্মচারী ঘুরে বেড়াচ্ছেন রাজউক ভবনের ভেতরে-বাইরে। ঘুরছেন রাজউক ভবনের এ-তলা থেকে ও-তলায়, কিংবা টাকা ফেরত দেওয়ার ব্যাংকগুলোতে।চিত্র দুই: গতকাল দুপুরে জনতা ব্যাংক রাজউক শাখার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন মিরপুর থেকে আসা এক আবেদনকারী। বললেন, পূর্বাচল উপশহর প্রকল্পে পাঁচ কাঠার প্লটের জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্র সংগ্রহ এবং জামানতের এক লাখ টাকা জমা দিতে গিয়ে বিশাল লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। প্লট পাননি। এখন টাকা ফেরত পাওয়ার ফরম সংগ্রহ করতে ব্যাংকে এসেছেন।রাজউকের এই ব্যাংকগুলোর সামনেও ঘুরঘুর করছে দালালেরা। পূর্বাচল ও উত্তরা প্রকল্পের টাকা ফেরত নেওয়ার ফরম ঠিক কোথায় পাওয়া যাবে এবং অন্য নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেক আবেদনকারী এসব দালালের শরণাপন্ন হচ্ছেন।পরস্পরকে দোষারোপ: রাজউকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পক্ষ থেকে যতটা সম্ভব সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে কাগজপত্র পাঠানো হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু ব্যাংকগুলো নিজেদের দৈনন্দিন কাজে বেশি ব্যস্ত থাকায় রাজউকের কাজটা একটু ধীরে হচ্ছে। তার ধকল সইতে হচ্ছে আবেদনকারীদের।পূর্বাচল প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, দৈনিক গড়ে অন্তত ৫০০ জনের আবেদনপত্র পরীক্ষা করে ব্যাংকে পাঠানো হয়। কিন্তু ব্যাংক থেকে পে-অর্ডার তৈরি করতে দেরি হয়।আর সোনালী ব্যাংক রাজউক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, রাজউক থেকে সঠিক কাগজপত্র এলে তাঁরা পে-অর্ডার তৈরি এবং ফেরত দিতে কিছুতেই দেরি করেন না। তিনি বলেন, তাঁদের কাছে আবেদনকারীরা ফরম জমা দেওয়ার পর যত দ্রুত সম্ভব রাজউকের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে যথাসময়ে ফেরত এলে তাঁদের কাজে অবহেলার প্রশ্নই ওঠে না। তিনি জানান, একজন আবেদনকারীকে টাকা ফেরতের জন্য দুই মাস সময় দেওয়া হচ্ছে। তাঁর শাখা থেকে এ পর্যন্ত চার হাজারের মতো পে-অর্ডারের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয়েছে।কেন ভোগান্তি: সূত্র জানায়, অনেক আবেদনকারীর আবেদনের ফাইল রাজউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি, প্লট পেয়েছেন এমন কারও কারও ফাইলও পাওয়া যাচ্ছে না।রাজউকের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, অতীতে কোনো আবাসিক প্রকল্পে এত বেশি আবেদনপত্র পড়েনি। তাই প্লট না পাওয়া ব্যক্তিদের জামানতের টাকা ফেরত দিতে দেরি হচ্ছে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, অরাজকতা সৃষ্টিকারী বা দালালদের বিরুদ্ধে যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি দালাল না ধরার জন্য আবেদনকারীদের পরামর্শ দেন।চেয়ারম্যান বলেন, কিছু আবেদনকারীর আবেদনপত্রে স্বাক্ষরের সঙ্গে আগে দেওয়া স্বাক্ষরের মিল না থাকা, মূল রসিদের পরিবর্তে রসিদের ফটোকপি দেওয়াসহ নানা কারণে টাকা ফেরত পেতে দেরি হচ্ছে।আবেদনকারীদের ৬০০ কোটি টাকা রাজউকের কাছে: রাজউকের অর্থ ও হিসাব শাখা সূত্রে জানা যায়, উত্তরা পূর্বাচলের জন্য এবার আবেদনকারীদের প্রায় এক হাজার কোটি টাকা জমা পড়ে। এ পর্যন্ত ৩৮৫ কোটি টাকা আবেদনকারীদের ফেরত দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে, প্রায় এক বছর ধরে এই এক হাজার কোটি টাকা রাজউকের ব্যাংক হিসাবে ছিল। এই টাকার সুদ (ইন্টারেস্ট) পায় রাজউক। এখনো প্রায় ৬০০ কোটি টাকা থেকে সুদ পাচ্ছে তারা। তবে এই বাবদ কত টাকা আয় হয়েছে, তা এখনই বলতে নারাজ রাজউকের সংশ্লিষ্ট বিভাগ।আবেদন করে যাঁরা প্লট পাবেন না, তাঁদের জমা টাকার যে সুদ আসবে, তা ফেরত দিতে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রাজউককে সুপারিশ করেছিল। তবে রাজউক এ সুপারিশ এখনো গ্রহণ করেনি।৫৩ হাজার আবেদনকারীর টাকা ফেরত: পূর্বাচল ও উত্তরায় প্লট পেতে আবেদন পড়েছিল এক লাখ ৬৭ হাজার। প্রাথমিক বাছাইয়ে এই সংখ্যা দাঁড়ায় এক লাখ ৫৭ হাজারে। দুটি প্রকল্পে প্রায় সাড়ে ছয় হাজার প্লট বরাদ্দ ঘোষণার পর বাকি থাকে প্রায় দেড় লাখ আবেদন। রাজউক কর্তৃপক্ষ দাবি করেছে, গত কয়েক মাসে ৫৩ হাজার আবেদনকারীর টাকা ফেরত দিতে পেরেছে তারা। এর মধ্যে উত্তরা প্রকল্পে রয়েছেন প্রায় ১৩ হাজার আবেদনকারী।ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, পরিকল্পনা অনুযায়ী চার মাসে সবার টাকা ফেরত দেওয়ার কথা। সে হিসাবে প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ জনের কাগজপত্র ব্যাংকে পাঠানো হচ্ছে।