টাকা ফেরতের নিশ্চয়তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউ নামের বহুল আলোচিত প্রতিষ্ঠানটির কোথাও কোনো বিনিয়োগ নেই। অথচ বিনিয়োগের নামেই তারা বিস্ময়কর পরিমাণ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ নিয়েছে। কিন্তু কোনো বিনিয়োগ না থাকায় মুনাফাসহ অর্থ ফেরত দেওয়ার সাধ্য তাদের নেই। ফলে গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তাও নেই। আবার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নিজেরাই গ্রাহকদের টাকা তুলে নিয়ে আত্মসাৎ করছেন।বাংলাদেশ ব্যাংক অনুসন্ধান করে এসব তথ্য পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিষ্ঠানের সহযোগী অপর দুই প্রতিষ্ঠান ইউনিগেইট ওয়ে টু ইউ ট্রেডিং (প্রা.) লিমিটেড এবং বুলিয়ন ভল্ট লিমিটেডের বিভিন্ন কার্যক্রমও অনুসন্ধান করে অবৈধ নানা কর্মকাণ্ডের তথ্য পেয়েছে। প্রতিষ্ঠানগুলো আবার পরস্পরের মধ্যে লেনদেনও করেছে। ফলে যাঁরা এই প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছেন, তাঁদের জন্য বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বহু স্তরবিশিষ্ট বিপণন (মাল্টি-লেভেল মার্কেটিং— এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেড এবং কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে ৪১১ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ২৯০ টাকা জমা রয়েছে। এসব অর্থ উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেড থেকে অনেক টাকা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহীদুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়েছে, যা ১৯৯৪ সালের কোম্পানি আইনের লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংক মনে করছে, প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে স্বর্ণ বিনিয়োগের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে, যা প্রতারণা।এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুল ইসলাম পাটোয়ারী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ইউনিপেটুইউ ও সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন আমরা পেয়েছি। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি। মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে।’দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ইউনিপেটুইউ ও সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং, কোম্পানি আইন ভঙ্গসহ অনেক অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে মামলা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তদন্ত শুরু হয়েছে।ইউনিপেটুইউ: ওয়েবসাইট ও মুদ্রিত প্রচারণা অনুযায়ী, প্রতিষ্ঠানটি স্বর্ণে বিনিয়োগের জন্য গ্রাহকের কাছ থেকে টাকা নেয়। এ টাকার বিনিময়ে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্বর্ণ ক্রয় এবং তা ভল্টে সংরক্ষণ করা হয়। আগ্রহী বিনিয়োগকারীরা এসব স্বর্ণ কেনাবেচা করতে পারে, তবে বাস্তবে কোনো স্থানান্তর হবে না। আবার কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য ৪৯ হাজার টাকায় মালয়েশিয়ায় ভ্রমণ প্যাকেজ দিয়ে থাকে। এ ছাড়া তারা গ্রাহকদের বিনিয়োগের ওপর তাৎক্ষণিক ১৫ মার্কিন ডলার রিবেট এবং বিনিয়োগ করা টাকার ওপর তাৎক্ষণিকভাবে ১০ শতাংশ মুনাফা দেয়। আবার স্বর্ণে বিনিয়োগের পরিমাণের ওপর মাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হয়। ইউনিপেটুইউর ১০ মাসের একটি স্কিম রয়েছে। এর আওতায় ১০ থেকে ৬০০ গ্রাম স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে প্রতি মাসে ২০ শতাংশ হিসাবে ১০ মাসে মোট ২০০ শতাংশ মুনাফা দেওয়া হয়।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইউনিপেটুইউর হিসাব পাঁচ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের নামে ছাড়াও এর চেয়ারম্যান শহীদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাসির হোসেন এবং আরেক কর্মকর্তা মাসুদুর রহমানের নামেও একাধিক ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে।লেনদেনের বিবরণ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে দি সিটি ব্যাংকের একটি হিসাবে ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালের ১৬ মে পর্যন্ত ৪৫ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে। আর এখানে জমা রয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাব থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ছয়টি চেকের মাধ্যমে ৫৯ লাখ এক হাজার ৭১৩ টাকা উঠিয়েছেন। একই হিসাব থেকে ইউনিপেটুইউর আরেক কর্মকর্তা মোতাহার হোসেন খান ২২টি চেকের মাধ্যমে ৪৫ লাখ ৭৫ হাজার টাকা তুলেছেন।আবার ব্র্যাক ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় গত বছরের ১১ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে একটি হিসাবে জমা হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা আর ওঠানো হয়েছে এক কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এই হিসাব থেকে ৬৫ লাখ ৪০ হাজার টাকা তুলেছেন।প্রতিবেদন অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনের নামে দি সিটি ব্যাংকের ফরিদপুর শাখার একটি হিসাবে পাঁচ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এই হিসাবে বর্তমানে জমা ৭৮ লাখ ৭৭ হাজার টাকা। এই একই ব্যক্তির নামে ডাচ্-বাংলা ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় আরেকটি হিসাব রয়েছে। এই হিসাবেও ২০১০ সালে লেনদেনের পরিমাণ হঠাৎ বেড়ে যায়। এই হিসাব থেকে দুই দফায় ১৮ লাখ ৪০ হাজার টাকা তুলে নিয়েছেন প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা মুরাদুল মুত্তাকিন।দি সিটি ব্যাংকের নিউমার্কেট শাখায় রয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহীদুজ্জামানের একটি হিসাব। এই হিসাবেও প্রচুর অর্থ লেনদেন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, চেয়ারম্যানের হিসাবে ব্যবসায়িক লেনদেন কোম্পানি আইনের লঙ্ঘন।ইউনিগেইট ওয়ে টু ইউ ট্রেডিং (প্রা.) লিমিটেড: প্রতিষ্ঠানটির সোস্যাল ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুটি হিসাব রয়েছে। হিসাব দুটির মালিক মাসুদুর রহমান ও মোশফিকুর রহমান। সোস্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার হিসাবে গত ১২ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৮০০ টাকা জমা হয় আর ওঠানো হয়েছে ৩৯ লাখ ৩০ হাজার টাকা। ভিন্ন ভিন্ন ব্যক্তি টাকা জমা দিয়েছেন। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাবে ৯ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ২৩ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৯৩৪ টাকা জমা এবং ওঠানো হয় তিন কোটি ৪৩ লাখ ১৫ হাজার টাকা। নগদ জমার বেশির ভাগই অনলাইনে সিলেট ও চট্টগ্রাম থেকে করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ব্যবসা স্বচ্ছ নয়। এ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে অর্থ সংগ্রহ করছেন। তা ছাড়া বিভিন্ন উৎসের অবৈধ টাকা এ প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যাকে মানি লন্ডারিং বলা যায়।বুলিয়ন ভল্ট লিমিটেড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখার হিসাবে ছয় কোটি ১৯ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জমা রয়েছে। কোম্পানির চেয়ারম্যান হিসেবে দেখানো হয়েছে আবুল ফায়াজ মোহাম্মদ জিয়াউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমানকে। এ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা ইউনিপেটুইউর মতোই। এ প্রতিষ্ঠানও মাল্টি-লেভেল ব্যবসার নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনসম্পৃক্ত অপরাধ।বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ: ইউনিপেটুইউ মালয়েশিয়া বেস্ট জিনিয়াস এসডিএন বিএইচডি কোম্পানির একটি শাখা বা এজেন্ট পরিচয় দিচ্ছে। বাংলাদেশে কোনো বিদেশি প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করতে হলে বৈদেশিক মুদ্রা বিনিময় আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু তারা এ অনুমতি নেয়নি। আবার প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে স্বর্ণে বিনিয়োগের কথা বলে অর্থ নিলেও তা ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। প্রতিষ্ঠানের কাজ তদারকির জন্য কোনো কর্তৃপক্ষ নেই।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ইউনিপেটুইউ তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা মালয়েশিয়ায় বিনিয়োগ হচ্ছে। সেই অনুযায়ী, এ টাকা মালয়েশিয়ার মূল প্রতিষ্ঠানে পাঠানো বা বিনিয়োগ করার কথা। কিন্তু এ প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে জমার পরিমাণ অনেক বেশি এবং অর্থ বিদেশে স্থানান্তর করা হয়নি। তাই বলা যায়, ইউনিপেটুইউ বিনিয়োগের নামে অর্থ নিলেও স্থানান্তর করেনি।হিসাব বিবরণী অনুযায়ী, মাঝেমধ্যে হিসাব থেকে কিছু টাকা ওঠানো হয়েছে। যদি এ টাকা বিদেশে বিনিয়োগ করা হয়, তবে কোনো আইন মেনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তা পাঠানো হয়নি। এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা মুনাফা হিসেবে এজেন্টদের কমিশন হিসেবে দেওয়া হয়েছে।