টাকা মেলে না এটিএম বুথে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার করতে বের হয়েছেন মিরপুরের মোক্তার হোসেন। পকেটে টাকা নেই। কার্ড নিয়ে ঢুকলেন এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে। কিন্তু বুথে ঢোকার আগেই নিরাপত্তারক্ষীর নিষেধাজ্ঞা, ‘নেটওয়ার্ক নেই’। আরও একটি বুথে গিয়ে একই সমস্যায় পড়লেন মোক্তার। ওই দিন আর বাজার করা হয়নি তাঁর।এটিএম কার্ড সম্বল করে যাঁরা পথে বের হন, টাকার অভাবে অনেক সময় তাঁদের বিড়ম্বনার শিকার হতে হয়। কারণ ‘যান্ত্রিক ত্রুটি’, ‘নেটওয়ার্ক দুর্বলতা’, ‘টাকা না থাকা’ প্রভৃতি সমস্যার কথা শোনা যায় এটিএম বুথে গিয়ে। আবার গ্রাহকদের অগোচরে এটিএম বুথ উঠিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।এটিএম বুথ থেকে টাকা ওঠাতে অন্য পথ ধরেছেন পুরান ঢাকার ইসলামপুরের বাসিন্দা বোরহান উদ্দিন। তিনি সাতসকালেই এটিএম বুথে ‘ঢুঁ’ মারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামপুর জমজমাট ব্যবসাকেন্দ্র। সন্ধ্যার পর অফিস থেকে ফিরে দেখি বুথে টাকা থাকে না। তখন আশপাশের বুথে যেতে হয়। তাই সকালেই টাকা উঠিয়ে রাখি।’এদিকে নারিন্দার বাসিন্দা আরিফ হোসেনের সমস্যাটা ভিন্ন রকম। তিনি জানান, এটিএম বুথ ব্যবহারের সময় ব্যাংক হিসাবে জমা থাকা টাকার পরিমাণ জানতে বার কয়েক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কারণ অনেক সময়ই বুথের মেশিনের স্লিপ শেষ হয়ে যায়। কখনো আবার প্রিন্টার অকেজো থাকে। টাকা তোলার পরও জমা থাকা টাকার পরিমাণ জানার সুযোগ থাকে না তখন।এটিএম বুথের সেবা সম্পর্কে কলতাবাজারের শারমিন আক্তারের অভিযোগ, ইন্টারনেট সংযোগের দুর্বলতার জন্য এটিএম বুথ অনেক সময় অফলাইন থাকে। ফলে টাকা তোলা যায় না। ঘুরতে হয় এক বুথ থেকে অন্য বুথে। তিনি আরও জানান, পুরান ঢাকায় বেশির ভাগ বুথে ইন্টারনেট সংযোগ আসা-যাওয়া করে। হয়তো টাকা তোলার জন্য কেউ একজন বুথে ঢুকেছেন, তখন পর্যন্ত বুথের মেশিন অনলাইনে ছিল। কিন্তু কার্ড ঢোকাতে গিয়ে মনিটরে দেখা যায় অফলাইনের সংকেত।বড় কোনো উৎসবের আগে নগরে কেনাকাটা বেড়ে গেলে এটিএম বুথে অর্থসংকট থাকে বলে জানান মগবাজারের বাসিন্দা আহমেদ মিঠু। তিনি বলেন, ‘গত কোরবানির ঈদের দুই দিন আগে এটিএম বুথ থেকে টাকা তুলতে ইস্কাটন রোড, বাংলামোটর, হাতিরপুল এলাকা চক্কর দিতে হয়েছে।’আজিমপুরের বাসিন্দা মোসাব্বের হোসেন জানান, অনেক সময় দেখা যায় বুথে ১০০ টাকার নোট থাকে না। এটিএম বুথের যন্ত্র ‘কার্ড ক্যাপচার’ করে ফেললেও বিপদে পড়তে হয় কার্ড ব্যবহারকারীদের। তখন টাকা তোলার চেয়ে কার্ড ফেরত পাওয়া কিংবা কার্ডটি কারও হাতে পড়ে যাবে কি না, সেই চিন্তায় পড়তে হয় তাঁদের। এমন অভিজ্ঞতার কথা জানালেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মারিয়া এহতেশাম। তাঁর ভাষ্য, ‘একদিন খুব তাড়া ছিল। তাই তাড়াহুড়ো করে বুথে ঢুকি। টাকা তোলার জন্যে কার্ড ভেতরে দিই। পাসওয়ার্ড দিতে বারবার ভুল হচ্ছিল। শেষে কার্ডটি মেশিন ক্যাপচার করে ফেলে। তখন মহা বিপদে পড়ি। টানা এক সপ্তাহ কার্ড ছাড়া চলতে হয়েছে।’বুথ ব্যবহারে পরামর্শনগরবাসীকে বুথ ব্যবহারে সাধারণ কিছু নিয়মের কথা জানান স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের সাবেক কর্মকর্তা আফজাল আহমেদ। তিনি বলেন, বুথে ভিড় বেশি হলে ব্যবহারকারীদের সারিবদ্ধভাবে দাঁড়ানো উচিত। এ ছাড়া টাকা তোলা শেষ হলে বুথ থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাওয়া দরকার। এতে করে সারিতে দাঁড়ানো বাকি গ্রাহকদের সময় বাঁচবে। নগরবাসীকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, টাকা তোলার পর বুথের ভেতরেই গুনে সেগুলো নিরাপদ স্থানে রাখতে হবে।এটিএম বুথ ব্যবহার করতে কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করা যেতে পারে। এ বিষয়ে ঢাকা ব্যাংকের এটিএম বুথ সহায়তাকেন্দ্র থেকে জানানো হয়, এটিএম কার্ড ব্যবহারে জটিলতা নেই। সামান্য ইংরেজি জানলেই যে কেউ এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন। ঢাকায় ব্যবহূত সব মেশিনে চিত্র দিয়ে ব্যাপারটিকে সহজভাবে উপস্থাপন করা হয়। ফলে বিষয়টি আর জটিল থাকে না। আর সবচেয়ে সুবিধার কথা হচ্ছে, প্রতিটি ব্যাংকের এটিএম বুথ ব্যবহারের জন্য একটি করে আলাদা হেলপ লাইন নম্বর আছে। বুথে ঢুকে কার্ড প্রবেশ করার পর কোনো নির্দেশ বুঝতে সমস্যা হলে, সেই নম্বরে ফোন করে তাৎক্ষণিক সেবা গ্রহণ করা যেতে পারে।আবার ‘কার্ড ক্যাপচার’ হয়ে গেলে প্রথমে হেলপ লাইনে ফোন করে বিষয়টি জানাতে হবে। হেলপ লাইন থেকে সংশ্লিষ্ট শাখায় সপ্তাহখানেকের মধ্যে নতুন কার্ড পাঠানো হয়। গ্রাহক সেখান থেকে কার্ড সংগ্রহ করতে পারেন।নাম প্রকাশে অনিচ্ছুক ডাচ্-বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এটিএম কার্ডের গায়ে হেলপ লাইনের ফোন নম্বরটি লেখা থাকে। তাই বুথে ঢোকার আগে নগরবাসীকে অবশ্যই সেই নম্বরটি টুকে রাখতে হবে। মেশিনে কার্ড ঢোকানোর পর কোনো সমস্যায় পড়লে তখন হেলপ লাইনে ফোন করে সহায়তা নেওয়া যাবে।