টাকা সংগ্রহের চেয়ে ব্যয় করাই এখন বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, সুশাসনের অভাব ও অদক্ষতা বাজেট বাস্তবায়নে বড় বাধা। স্বচ্ছতা ও জবাবদিহির অভাব তো আছেই; টাকা জোগাড় করার চেয়ে টাকা ব্যয় করাই এখন বড় সমস্যা। আবার বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া শুধু নৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও ঠিক নয়। এ অবস্থায় জনগণের যাতে উপকার হয়, সে বিবেচনায় ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হবে। গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘কেমন বাজেট চাই: অর্থনৈতিক পরিস্থিতি ও করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে এসেছে। মতবিনিময় সভায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। মির্জ্জা আজিজ বাজেট বাস্তবায়নে সুশাসন বজায় রাখা এবং সামরিক বাজেটে অধিকতর স্বচ্ছতা আনার সুপারিশ করেন। মঞ্জুর এলাহী বলেন, ‘আমরা সব সময়ই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে। যত সুযোগ দেওয়া হয়েছে তা যেমন ঠিক ছিল না, ভবিষ্যতেও তা রাখা ঠিক হবে না।’ বিনিয়োগের পূর্বশর্ত হিসেবে বিদ্যুতের অপরিহার্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বড় সমস্যা এমনকি দুর্নীতিও নয়। চাঁদাবাজি নিয়েও খুব একটা চিন্তিত নই, যতটা চিন্তিত বিদ্যুৎ নিয়ে।’মোস্তফা কে মুজেরী বলেন, এমন কিছু প্রকল্প রয়েছে, যেগুলোতে এতই কম অর্থ বরাদ্দ দেওয়া হয় যে তা শেষ হতে ২০০ বছর লেগে যাবে। এ ধরনের প্রকল্প থেকে কোনো উপকারই হয় না। বাজেটে বাস্তবায়ন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তহবিল বরাদ্দ হয়েছে, কিন্তু ব্যয় হয়নি। সমন্বিত উদ্যোগ না থাকলে এবারও কিছুই হবে না। মোস্তাফিজুর রহমান বলেন, বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে সৎ ও প্রকৃত করদাতারা কর দিতে উৎসাহ হারাবেন। তিনি সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। সভায় দুর্নীতির চিত্র গণমাধ্যমে তুলে ধরা, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আঞ্চলিক বৈষম্য এবং আয়বৈষম্য রোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।