টাকা সাদা করতে সুযোগ দেওয়ায় হতাশ এমসিসিআই
বাজেটে অঘোষিত আয় বা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় হতাশ হয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতারা। সংগঠনটি বলছে, এ ধরনের বিধান করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করবে। সেই সঙ্গে মানুষের কর প্রদানের মনোভাবের ওপর সুদূরপ্রসারী ও ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে।এমসিসিআই মনে করে, এ ধরনের ছাড় যদি দিতেই হয়, অবশ্যই তা বৈধ আয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং এই অর্থ কেবল উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দিতে হবে।সংগঠনটির ট্যারিফ ও করসংক্রান্ত উপকমিটির চেয়ারম্যান আনিস এ খান স্বাক্ষরিত এক বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়। কৃষি খাতে ভর্তুকি কমানোয় এমসিসিআই নিরুৎসাহিত বোধ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবিশেষ গুরুত্বারোপ করায় সন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি। এ বিষয়ে তারা বলছে, ‘যেভাবে জ্বালানি সংকট ক্রমাগত বাড়ছে তাতে আমাদের উচিত দেশের মজুদ সম্পদকে কাজে লাগানো। তা না হলে এক জ্বালানি খরচই অর্থনীতিকে প্রচণ্ড এবং অসহনীয় চাপের মধ্যে ফেলবে।’ এর বাইরে বাজেটের বিভিন্ন বিষয় সম্পর্কে নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরেছে এমসিসিআই। যেমন, বাজেটে নির্ধারিত প্রবৃদ্ধির হার, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) অবস্থিত শিল্পের সুবিধা ইপিজেডের বাইরে অবস্থিত শিল্পের ক্ষেত্রেও প্রদানের ঘোষণা, যোগাযোগ খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে সংগঠনটি। পাশাপাশি বাজেটের কিছু বিষয়ে হতাশাও ব্যক্ত করা হয়েছে। প্রবৃদ্ধির বিষয়ে এমসিসিআই বলছে, ‘দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সময়ের সঙ্গে প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করা দরকার, যাতে করে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।’ মূসক ও আয়কর আইনের সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনটি বলছে, ‘এ ব্যাপারে আমরা ইতিমধ্যে যে প্রস্তাব দিয়েছি সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হোক।’ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টার্নওভার ট্যাক্স কমানোয় সন্তোষ প্রকাশ করে এমসিসিআই বলেছে, এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধি আসবে। করমুক্ত ব্যক্তির আয়সীমা না বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক করহার না কমানোর সিদ্ধান্তকে নিরাশাজনক বলে মত দিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে মোবাইল ফোনের বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে করারোপের বিষয়টি নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করে এমসিসিআই।