টাকাকে প্রাধান্য দিয়ে নিরাপত্তা উপেক্ষা করা হয়েছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, রেল ও সড়কপথে ভারতকে চট্টগ্রাম, মংলা ও আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে টাকার অঙ্ককেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে তাঁর সঙ্গে সে দেশের প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের যৌথ ঘোষণার বিষয়ে এক প্রতিক্রিয়ায় জামায়াত এ কথা বলেছে। আজ বুধবার বিকেলে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এক বিবৃতিতে দলের অবস্থানের কথা জানান।বিবৃতিতে মুজাহিদ বলেন, জনগণ কখনো জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি, সমঝোতা ও ঘোষণা মেনে নেবে না। কাজেই দেশের জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি, সমঝোতা ও ঘোষণা কার্যকর করা সম্ভব হবে না।বিবৃতিতে মুজাহিদ বলেন, বাংলাদেশের সামরিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভারতকে চট্টগ্রাম, মংলা ও আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই সমীচীন হয়নি। এতে বাংলাদেশকে ভারতের রাজনীতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে, যাতে বাংলাদেশের নিরাপত্তা তথা স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ভারতীয় ভারী যানবাহন যদি বাংলাদেশের সড়কপথে যাতায়াত করে, তাহলে যে পরিমাণ ক্ষতি হবে, তা পুষিয়ে নেওয়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না। ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি, আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ভারতকে রেল ট্রানজিট সুবিধা দেওয়া ও ২০১১ সালে দুই দেশ যৌথভাবে রবীন্দ্রজয়ন্তী পালনের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকেও জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়েছে জামায়াত।মুজাহিদ দাবি করেছেন, ভারতের সঙ্গে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা-স্মারক স্বাক্ষর ও যৌথ ঘোষণায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যৌথ ঘোষণাকে অস্বচ্ছ বলেও দাবি করেন তিনি। তাঁর দাবি, টিপাইমুখ বাঁধ সম্পর্কে ভারতের বক্তব্য অস্পষ্ট। এ সম্পর্কে অস্পষ্ট বক্তব্য দিয়ে বাংলাদেশকে রীতিমতো ধোঁকা দেওয়া হয়েছে।