টাকার অভাবে মসলা জাতীয় শস্যের চাষ বাধাগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে টাকার অভাবে মসলাজাতীয় শস্যের উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এতে মসলাজাতীয় শস্য রসুন ও পেঁয়াজের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যাংকগুলোকে ওই আবাদে সহজ শর্তে ঋণ দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে তা মানছে না বলে অভিযোগ উঠেছে। ফলে স্থানীয় কৃষকেরা বিভিন্ন এনজিও, গ্রাম্য মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি একর জমিতে রসুনের আবাদ করতে বীজ, জমি প্রস্তুত, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি মিলিয়ে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা খরচ হয়। সে ক্ষেত্রে ব্যাংকগুলো একরপ্রতি ঋণ দিচ্ছে মাত্র ২৩ হাজার টাকা। ফলে দরিদ্র বর্গাচাষি, নিম্ন ও মধ্যবিত্ত কৃষকেরা টাকার অভাবে চাষাবাদ করতে পারছেন না।গুরুদাসপুর কৃষি কার্যালয় সূত্র জানায়, রবি মওসুমে উপজেলায় বিনা চাষে রসুনসহ ডাল, সয়াবিন ও ভুট্টার উৎপাদন বাড়াতে সরকার গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে এক হাজার ১০৯ জন কৃষককে সহজ শর্তে (২% সুদে) পাঁচ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকা ঋণ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। ওই ঋণের বিপরীতে ৯৬৫ একর জমিতে মসলাজাতীয় ফস্যের উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে।ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কৃষক দিল মোহাম্মদ ও সিধুলী গ্রামের কৃষক খবির উদ্দিন, আবু হারেজ মিয়া জানান, মসলা চাষে ব্যাংক যে ঋণ দেয়, তাতে অবস্থাপন্ন কৃষক পারলেও বর্গাচাষি, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর কৃষক চাষাবাদ চালাতে পারছেন না। তাঁদের হালের বলদ বিক্রি, স্ত্রী-সন্তানের গহনা ও জমি বন্ধক দেওয়াসহ বিভিন্ন এনজিও ও গ্রাম্য মহাজনের কাছ থেকে উচ্চ সুদে টাকা ঋণ নিতে হচ্ছে। চাষিদের অভিযোগ, ব্যাংকগুলো চাহিদামতো ঋণ দিলে মহাজনের কাছে ধরনা দিতে হতো না।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মো. আবুল কাশেম বলেন, বিধি মোতাবেক প্রকৃত কৃষককে ঋণ দেওয়া হচ্ছে। তিনি জানান, রসুন ও পেঁয়াজের আবাদের জন্য ৫৯ লাখ টাকা বরাদ্দ করা রয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত এই ঋণ বিতরণ চলবে। উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, ‘আমরা মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে রসুন ও পেঁয়াজসহ মসলাজাতীয় শস্যের প্রকৃত চাষিদের তালিকা করে ব্যাংকগুলোকে দিয়েছি। তারাই ঋণের বিষয়টি দেখবে। তবে চাহিদামতো ঋণ পেলে এ বছর প্রায় আট হাজার হেক্টর জমিতে রসুন আবাদ হবে।’