টাকার জন্য ছাত্ররা ভর্তি হতে পারছে না যে স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। অন্য শিক্ষক আছেন দুজন। তাঁদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকেরা নিয়মিত স্কুলে আসেন না। যেদিন আসেন দুই-এক বিষয়ের ক্লাস নিয়ে স্কুল ছুটি দিয়ে দেন। টাকা দিতে না পারায় এ বিদ্যালয়ের অনেক ছাত্র বই পায়নি, অনেকে ভর্তিও হতে পারেনি। ১৭ জানুয়ারি সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, তখনো ওই স্কুলে কোনো শিক্ষক আসেননি। সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন এসেছেন সকাল সাড়ে ১০টায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তা বেগম দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুলে আসেননি। দুপুর সাড়ে ১২টায়ও জাতীয় পতাকা টানানো হয়নি। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্কুলটি আগে একই ইউনিয়নের উত্তর রামদাসপুর গ্রামে ছিল। মেঘনার ভাঙনে ২০০৯ সালের জানুয়ারি মাসে এটি দক্ষিণ রাজাপুরে স্থানান্তর করা হয়। একটি ঘর। আলাদা কক্ষ নেই। শিক্ষক মিলনায়তনের দরজা নেই। পাশের মসজিদের বারান্দা অফিস হিসেবে ব্যবহার করা হয়। ওই মসজিদের ইমাম মো. নুর হোসেন বলেন, ‘স্কুলটি শুরু হওয়ার পর থেকেই শিক্ষকেরা নানা অনিয়ম করে আসছেন। এক দিন স্কুলে আসেন তো, তিন দিন আসেন না। সপ্তাহে এক দিন এসে পেছনের অনুপস্থিতির সব স্বাক্ষর করেন হাজিরা খাতায়।’ স্থানীয় অভিভাবক ফজলুল হক জমাদার বলেন, ‘শিক্ষকেরা ছাত্রদের ঠিকমতো পড়ান না, বছর শেষে বইয়ের প্রথম অংশও ছাত্ররা পড়তে পারে না। অন্যদিকে দুই মাস আগেই পরীক্ষার ফিসের জন্য তাগাদা দেয়া হয়।’রাজাপুর ৪ নং ওয়ার্ডের দিনমজুর মো. দুলাল ও তাঁর স্ত্রী শাহনুর বেগমের ৬ ছেলেমেয়ে। অভাবে সংসার চলে। দুলাল অভিযোগ করেন, তাঁর দুটি ছেলেমেয়ের ভর্তি ও বইয়ের জন্য শিক্ষকেরা ৮০ টাকা দাবি করেন। অনেক কষ্টে ৪০ টাকা জোগাড় করে দিলে বড় ছেলেকে বই দেওয়া হয়। কিন্তু মেয়ে সীমাকে স্কুলে ভর্তি করা হয়নি, বইও দেয়নি। অভিভাবক ইয়ানুর বেগম (৩৪) জানান, তাঁর ছেলে ফারুক তৃতীয় শ্রেণীতে অকৃতকার্য হয়ে ওই শ্রেণীতেই রয়েছে। মেয়ে নাজমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করাবেন। দুই ছেলেমেয়ের বই ও ভর্তির জন্য স্কুলের শিক্ষক ১২০ টাকা দাবি করেন। তিনি ঘরের জমানো মুঠোচাল বিক্রি করে ৮০ টাকা জোগাড় করে দেন। তার পরও ছোট মেয়ে নাজমাকে ভর্তি করেনি। ২০০৯ সালে স্কুলে যারা উপবৃত্তি পেয়েছে, তারা প্রত্যেকেই ৩৫০ টাকা করে দিয়েছে। টাকা দিয়েও ১০ জন উপবৃত্তি পায়নি। উপবৃত্তি না পাওয়া শিক্ষার্থীর অভিভাবক রাবেয়া (৩৫), তাছনুর (৩৪), আলেনুর (৩৬), জাহানারাসহ (৪১) কয়েকজন জানান, এ স্কুলে টাকা ছাড়া কিছু হয় না। এলাকার অন্তত ১০-১২ জন ছেলেমেয়ে টাকার জন্য ভর্তি হতে পারেনি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ আলী বলেন, ‘নতুন স্কুল, এলাকার মানুষ গরিব, কিন্তু স্কুল ঘর মেরামতের জন্য কিছু টাকা দরকার। এসব কারণে ছাত্রদের কাছ থেকে কিছু টাকা নিতে বলেছি, টাকার জন্য ছাত্রদের ভর্তি করতে নিষেধ করা হয়নি, এটা করলে অন্যায় করেছেন শিক্ষকেরা।’সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আপনাদের যা ইচ্ছা লেখেন।’ এই এলাকার ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ হোসেন বলেন, ‘ছাত্রদের কাছ থেকে বই ও ভর্তির জন্য কোনো টাকা নেওয়ার বিধান নেই। এটা অপরাধ। শিক্ষকদের অনুপস্থিতি, জাতীয় সংগীত না পড়ানো ও সময়মতো জাতীয় পতাকা উত্তোলন না করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’