টাকার বিনিময়ে বিচারের রায় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কখনো কখনো টাকা দিয়ে বিচার কেনা যাচ্ছে। আমি জানি, কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে বিচারের রায় হচ্ছে।’ গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম পূর্তি উত্সবে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। মমতাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করার দায়ে রাজ্য মানবাধিকার কমিশন রাজ্য সরকারকে জরিমানা করার বিষয়টি মেনে নিতে পারেননি তৃণমূল কংগ্রেসের নেত্রী। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর এই ভাষণে। ওই দিন মমতা মানবাধিকার কমিশনকে একহাত নেন। তিনি বলেন, ‘একজনকে সাংবিধানিক পদে বসালাম। ভাবলাম নিরপেক্ষ। ও বাবা! তিনি এমন সব কথা বলছেন, যেন সুপ্রিম কোর্টের বিচারপতি! রাজ্যের এক্সিকিউটিভদের (নির্বাহী কর্মকর্তা) ডেকে ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা বসিয়ে রাখছেন। এটা হলে তাঁরা কাজ করবেন কখন?’গত সোমবার রাজ্য মানবাধিকার কমিশন মমতা ও রেলমন্ত্রী মুকুল রায়কে নিয়ে তৈরি ব্যঙ্গচিত্র ই-মেইলে পাঠানোর অভিযোগে হেনস্তা হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও তাঁর আবাসনের সমবায় সমিতির সম্পাদক সুব্রত সেনগুপ্তকে ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজ্যসরকারকে এক লাখ রুপি জরিমানা করে।এদিন মমতা রাজনীতিকদের সমালোচনা করে বলেন, ‘ত্যাগের বেলায় নেই, জ্ঞান দেওয়ার বেলায় আছেন তাঁরা। কিছু লোক টিভি চ্যানেলে বসে শুধু জ্ঞান দেন। রাজনীতিতে আসেন না। যদি সমস্যায় পড়ে যান!’মমতার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁরা বলেন, রায় পক্ষে গেলে বিচারব্যবস্থা ভালো। বিপক্ষে গেলে সমালোচনা। কংগ্রেসের নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, ‘উনি কী করে জানলেন, টাকা নিয়ে রায় কেনা হয়? আমার পক্ষে রায় হলে ঠিক, বিপক্ষে হলে ভুল! অথচ নন্দীগ্রামের ক্ষেত্রে যে বিচারপতি রায় দিয়েছিলেন তাদের পক্ষে, সেই বিচারপতিই আবার সিঙ্গুরের আইনকে অবৈধ বলে রায় দিয়েছেন।’ পশ্চিমবঙ্গের বিধানসভার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ওই সেমিনারে সাধারণ মানুষের প্রশংসা করে মমতা বলেন, নিজের অজান্তে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে এ জন্য জনগণের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। মমতা বলেন, ‘আমরা অর্থ বা মাফিয়াশক্তিকে ভয় করি না। জন্মেছি যখন, একদিন মরতেও হবে। কিন্তু, যতক্ষণ বেঁচে আছি, কাজ করে যাব। যদি অজান্তে কোনো ভুল হয়ে যায়, আর তাতে কারও ক্ষতি হয়, সে জন্য আমি জনগণের কাছে ক্ষমা চাই। সব সময় ঠিকঠাক থাকার দাবি কে করতে পারে? আমি একজন মানুষ মাত্র। সাধারণ এক পরিবার থেকে আমি উঠে এসেছি। সারা দিন ভবঘুরের মতো কাজ করি এবং রাতে ঘুমানোর জন্যই কেবল বাসায় যাই। আমার হারানোর মতো কিছু নেই। জনগণই আমার শক্তি।’