টাকি মাছের পুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারীর তিন রাস্তার মোড় থেকে টিপু সুলতান রোডে আসার পথে পড়ে দোকানটি। হোল্ডিংয়ের হিসাবে ১৪/১৫ টিপু সুলতান রোড। সন্ধ্যাবেলা ভিড়ভাট্টায় দোকানের কাছে ঘেঁষা দায়। ক্রেতাদের হইহুল্লা সয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকে পুরির জন্য অপেক্ষা। খানিক বাদেই পুরি নিয়ে হাজির একজন। প্লেটে এই পুরি দেখে আর দশটা দোকানের পুরির মতোই সাদামাটা মনে হতে পারে। কিন্তু আসল মজা টের পাওয়া যাবে পুরিটা নাকের কাছে ধরলে। ধনেপাতা আর গরম মসলার গন্ধের সঙ্গে মিশে আছে টাকি মাছের স্বাদ!এই টাকি মাছের পুরির ইতিবৃত্ত খুব বেশি পুরোনো নয়। বছর দুয়েক হলো এই পুরি বিক্রি করছে ‘খান হোটেল’। দোকানটি কিন্তু পুরোনো ঢঙের, খুব সাদামাটা। ২৫ বছর আগে ইসমাইল খান দোকানের গোড়াপত্তন করেন। ২৩ বছর ধরে দোকানটি আলু-পুরি বিক্রি করে আসছে। কিন্তু ইসমাইল খানের ছেলে বিল্লাল হোসেন শুরু করেন টাকি মাছের পুরি বিক্রি। সেই থেকে বাবার আলু-পরিকে ছাড়িয়ে গেছে ছেলের উদ্ভাবিত টাকি মাছের পুরি।পুরির ভেতর দেওয়া টাকি মাছের মিশ্রণটিও বিল্লালের উদ্ভাবিত। বিল্লাল হোসেন জানান, প্রথমে টাকি মাছ সেদ্ধ করে নেওয়া হয়। তারপর কাঁটাগুলো খুব সতর্কতার সঙ্গে আলাদা করা হয়। এরপর তার সঙ্গে গরম মসলা, ধনেপাতা, আদা আর কাঁচামরিচ মেশানো হয়। সব হয়ে গেলে চুলায় খুব ভালোমতো ভুনা করা হয়। এই মিশ্রণ ভুনা হয়ে এলে মেশানো হয় আরও কিছু মসলা। তবে এই মসলাগুলোর নাম জানাতে নারাজ বিল্লাল হোসেন। তাঁর দাবি, এটা তাঁর আবিষ্কার। তাই তিনি নিজেই এটা মেশান। তাঁর দোকানের কোনো কর্মচারীও এ বিষয়টা জানেন না। সাধারণত বিকেলের একটু আগেই এ কাজটুকু করেন বিল্লাল হোসেন। তারপর বানানো মিশ্রণ দিয়ে দেন দোকানের কর্মচারীদের হাতে। কর্মচারীরা আটার মণ্ডের ভেতর মিশ্রণটি ভরে পুরি বানান।খেতে বসলে পুরির সঙ্গে আরও পাওয়া যাবে ‘টক’। তেঁতুলের পানি, বাটা কাঁচামরিচ আর সরিষা দিয়ে বানানো হয় এই টক। মরিচের ঝাল স্বাদের সঙ্গে পাওয়া যাবে সরিষার ঝাঁজালো স্বাদ।বিকেল থেকেই দোকনের আশপাশ ম ম করতে থাকে পুরির ঘ্রাণে। প্রতিদিন প্রায় ৭০০-৮০০ পুরি বিকিকিনি হয়। প্রতিটি পুরির দাম পাঁচ টাকা। গরম ধোঁয়া ওঠা পুরি খেতে হলে আসতে হবে বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে।