টাঙ্গন নদে বস্তা ফেলে বেড়া দিয়ে মাছ চাষ
ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদে বালুর বস্তা ফেলে ও বাঁশের বেড়া দিয়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ করছে স্থানীয় লোকজন। এতে একদিকে নাব্যতা হারাচ্ছে নদটি, অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব।বুধবার সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসকের বাসভবনের পেছনে টাঙ্গন নদের দুই পাশে বালুর বস্তা ফেলে মাছ চাষ করা হচ্ছে। মাছ পাহারা দিতে নদের মাঝখানে জেগে ওঠা চরে তৈরি করা হয়েছে একচালা কাঁচা ঘর। মাছ চাষের বিভিন্ন জায়গায় বাঁশের খুঁটিতে লাল কাপড় বাঁধা। নদে মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত নয়ন নামের এক যুবক বলেন, তাঁদের কয়েকজন বড় ভাই জেলা প্রশাসকের কাছ থেকে পেন কালচারের (জালের ঘের দিয়ে স্বল্প পরিসরে মাছ চাষ) মাধ্যমে মাছ চাষের অনুমতি পান এবং সেই অনুযায়ী গত বছর মাছ চাষ করেন। এ বছর মাছ চাষ না করায় তাঁদের পক্ষে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে এখানে মাছ চাষ করছেন। অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করে মাছ চাষ করছি। এভাবে নদীর কোনো ক্ষতি হবে না।’এ প্রসঙ্গে মাছ চাষের অনুমতি পাওয়া সুশান্ত চৌধুরী বলেন, ‘পেন কালচার পদ্ধতিতে মাছ চাষের জন্য আমরা কয়েকজন জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। গত বছর লোকসান হওয়ায় এ বছর আর মাছ চাষ করছি না। কয়েকজন ছেলে আমাদের পক্ষে মাছ চাষে আগ্রহ দেখালে আমরা তাঁদের অনুমতি দিয়েছি। কিন্তু নদীতে বালুর বস্তা ফেলে বাঁধ তৈরি করা উচিত হয়নি।’অন্যদিকে জলেশ্বরীতলা এলাকায় টাঙ্গন নদে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করছে এলাকার লোকজন। বেড়ার সামনেও পুঁতে দেওয়া হয়েছে অসংখ্য বাঁশের খুঁটি ও গাছের ডালপালা। এখানে নদের এপার থেকে ওপার পর্যন্ত আড়াআড়ি স্থাপন করা হয়েছে বাঁশের বেড়া।বেড়া দিয়ে মাছ চাষ সম্পর্কে শহরের জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা কয়েকজন জেলা মৎস্য দপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের কাছ থেকে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষের অনুমতি নিয়েছি।’ আরেক মাছচাষি মাসুম মোল্লা বলেন, ‘স্রোতের টানে মাছ অন্যদিকে চলে যায়। তাই বাঁশের বেড়া দিয়ে মাছ আটকে রাখার ব্যবস্থা করেছি।’ যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নদী বা জলাধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটি আইনত দণ্ডনীয়। তিনি বলেন, নদে বেড়া দিয়ে বা বালুর বস্তা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পানিপ্রবাহে বাধার সৃষ্টি হয়। এতে পলি জমে নদের নাব্যতা কমে যায়। জেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, ‘টাঙ্গন নদে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে জেলা প্রশাসন আমার মতামত চেয়ে চিঠি দিয়েছিল। সে পরিপ্রেক্ষিতে মাছ চাষের নির্দেশনা দিয়ে মতামত দেওয়া হয়।’এ ব্যাপারে জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, এলাকার কয়েকজন ব্যক্তিকে কর্মসংস্থানের জন্য পেন কালচার পদ্ধতিতে মাছ চাষের অনুমতি দেওয়া হয়। তারা নীতিমালা ভেঙে টাঙ্গন নদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ করছে কি না, সেটা আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।