টাঙ্গাইল, বরিশাল ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
টাঙ্গাইল, বরিশাল ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে।টাঙ্গাইল: টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট সালাউদ্দিন জানান, বঙ্গবন্ধু সেতু সড়কে টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুরে রাত সোয়া তিনটার দিকে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ওই ট্রাকের চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের কারও পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এরা সবাই দিনমজুর। তারা কম ভাড়ায় যাতায়াতের জন্য ট্রাকের যাত্রী হয়েছিল।আজ ভোরে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভুয়াপুর মোড়ে অপর দুর্ঘটনায় ট্রাকচাপায় একজন মারা যায়। এর আগে গতকাল রাত নয়টার দিকে টাঙ্গাইল শহরের আশিকপুরে বাসের চাপায় একজন নারী নিহত হন। এদের দুজনের পরিচয় পাওয়া যায়নি।বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় গতকাল রাত তিনটার দিকে একটি বিকল বাসকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাস মেরামতে ব্যস্ত বাসের চালক নীলফামারীর ডোমার উপজেলার মোতাহার আলী (৩৩) এবং চালকের সহকারী ঢাকার সাভার এলাকার শামীম আহম্মেদ (৩০) মারা যান। শাজাহানপুর থানা পুলিশ জানায়, ঢাকা থেকে নীলফামারীগামী দ্রুতি পরিবহন শাজাহানপুরের নয়মাইল হাটে এসে অচল হয়ে পরে। এ সময় বাসের চালক ও সহকারী বাসটির নিচে শুয়ে মেরামত করছিল। বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশালে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এতে ট্রাকের চালক মো. টুলু (২৫) ও ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের (২২) মৃত্যু হয়। আহত হয়েছেন মো. ইকবাল হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, আজ ভোরে মেহেরপুর এলাকা থেকে কাঁচা মাল নিয়ে একটি ট্রাক বরিশালের দিকে আসছিল। ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।