টাঙ্গাইল ও পাবনায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
টাঙ্গাইল ও পাবনায় আজ সোমবার সকাল ও দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন।আমাদের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধল্যা এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ২৫ জন আহত হন। আহতের মধ্যে ১৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।মির্জাপুর থানার উপপরির্দশক (এসআই) বিমল চন্দ্র পাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই নিহত হয়েছেন কালিহাতী উপজেলার ভেঙ্গুলা গ্রামের জাহাঙ্গীর আলম। অপরজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাঁর নাম জানা যায়নি।আমাদের পাবনা অফিস জানায়, ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা সদর উপজেলার টাটিপাড়া ও সুজানগর উপজেলার চিনাখড়া এলাকায় আজ দুপুরে নসিমনের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। চিনাখড়ায় নিহত বাদশা মিয়ার বাড়ি সুজানগর উপজেলার ইমরাজপুরে। সদর উপজেলার টাটিপাড়ায় নিহত আবদুল কুদ্দুসের (২৪) বাড়ি টাটিপাড়াতেই। রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।