টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ৯
টাঙ্গাইল ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। টাঙ্গাইলে আজ মঙ্গলবার দুপুরে ও সিরাজগঞ্জে গতকাল সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীগামী যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে ধনবাড়ী উপজেলার বানিয়াজান এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়। বেশ কয়েকজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, গতকাল ওয়েস্টার্ন ট্র্যাভেলস নামের যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ভৈরব থেকে লবণ নিয়ে রাজশাহী যাচ্ছিল। রাত আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কালুপাড়া এলাকায় এই দুই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী।ফরিদ আহমেদ জানান, আহত ১০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁরা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন। লাশগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।