টাঙ্গাইল শহরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ২
টাঙ্গাইল শহরের পুরোনো আদালত রোডে সাহা সুপার মার্কেটের দোকানের নিচে সেপটিক ট্যাংক বিস্ফোরণে মহিলাসহ দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন শুভেচ্ছা বস্ত্রালয়ের কর্মচারী রঞ্জন সাহা (২২) ও দোকানের ক্রেতা কলেজপাড়ার পলাশ মণ্ডলের স্ত্রী শিখা মণ্ডল (২৮)। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শুভেচ্ছা বস্ত্রালয়ের নিচে অবস্থিত সেপটিক ট্যাংকে বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।টাঙ্গাইল সদর থানা সূত্রে জানা গেছে, সাহা সুপার মার্কেটের শুভেচ্ছা বস্ত্রালয়ের নিচে সেপটিক ট্যাংকটি স্থাপন করা ছিল। ট্যাংকটিতে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শুভেচ্ছা বস্ত্রালয়ের মেঝে ফেটে দোকানের কর্মচারী রঞ্জন সাহা ও দোকানের ক্রেতা শিখা মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও সাতজন। এ ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট সব বন্ধ করে দেন। পরে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্থানীয় লোকজন আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।ঘটনার পরপরই টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী ও পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জেনারেল হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী জানান, ঘটনার ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. লুত্ফর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।