টাঙ্গাইল-৩ আসনের নির্বাচন ১৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের তারিখ ১৮ নভেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। খবর বাসসের। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।এই উপনির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. খুরশিদ আনোয়ার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।ভোট নেওয়া হবে ১৮ নভেম্বর। এদিন ওই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান মারা যাওয়ায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনটি শূন্য হয়। জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।তফসিলে বলা হয়, প্রার্থী বা তাঁর প্রস্তাবক বা তাঁর সমর্থক রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল করতে হবে।এতে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো মিছিল বা শো ডাউন করা যাবে না।মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল উভয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। তবে বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।নির্বাচনী আইন, বিধিমালা বা আচরণ বিধিমালা ভঙ্গের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।ভোট নেওয়ার দিন এই দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে বা ভোটকক্ষে কেউ কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না।সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ কার্যকর রয়েছে। সেই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করা হলে বিধিমালার ১৮ বিধি অনুসারে শাস্তি দেওয়া হবে।ভোট নেওয়া শুরু হবে সকাল আটটা থেকে এবং তা বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। তবে চারটার পরও ভোটকেন্দ্রের বেষ্টনীর মধ্যে উপস্থিত ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন।বিভিন্ন সময় অনুষ্ঠিত জাতীয় সংসদ উপনির্বাচনের মতো ভোটকেন্দ্রের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হবে। র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রয়োজন অনুসারে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা নির্ধারণ করা হবে।নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। নির্বাচনী অপরাধগুলো বিচারের জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।যুগ্ম জেলা জজের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই কমিটি প্রার্থীদের আচরণ বিধিমালা প্রতিপালন হচ্ছে কি না, তা দেখবে। নির্বাচনের আগে অনিয়মের জন্য কোনো ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চেয়ে এই কমিটি বরাবর দরখাস্ত করতে পারবে।মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থীকে যেকোনো তফসিলি ব্যাংকে একটি নতুন হিসাব খুলতে হবে। হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে। নির্বাচনের সব ব্যয় এই হিসাবের মাধ্যমে করতে হবে এবং নির্বাচনের পর নির্বাচনের ব্যয়ের যে রিটার্ন জমা দিতে হবে, এর সঙ্গে ওই হিসাবের বিবরণীও জমা দিতে হবে।টাঙ্গাইল-৩ আসনটি ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে।এ আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬ ও ভোটকক্ষের সংখ্যা ৫৮৫।এ আসনের মোট ভোটারসংখ্যা দুই লাখ ৭১ হাজার ৩২৯। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৩১ হাজার ৭৮৬। নারী ভোটারের সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৫৪৩।