টাঙ্গাইলে অর্ধদিবস হরতাল পালন, ভাঙচুর, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার পৌর এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে শহরের গোডাউন বাজারের ব্যবসায়ীদের হামলায় ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, কর্মসূচি চলাকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা শহরের বিভিন্ন মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পুরোনো বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোডসহ বিভিন্ন স্থানে কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন।কর্মসূচি চলাকালে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান হয়নি। এ ছাড়া বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শহরের গোডাউন বাজারে কয়েকটি দোকান বন্ধ করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের ও তানভীর আহমেদ আহত হন। আহত কাদেরকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। তানভীর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ওই দুই নেতার ওপর হামলার জের ধরে ছাত্রলীগ ও শ্রমিক লীগের একদল কর্মী গোডাউন বাজারে গিয়ে ব্যাপক ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তথ্য সংগ্রহ করছে পুলিশ: ফারুক আহমেদ হত্যার রহস্য উদ্ঘাটনে তথ্য সংগ্রহ করছে পুলিশ। আপাতত তিনটি বিষয় সামনে রেখে তথ্য সংগ্রহ চলছে। সেগুলো হলো: তিনি দলীয় কোন্দল, রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যক্তিগত কোনো কারণে খুন হয়েছেন কি না। পুলিশের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় সূত্র।একাধিক সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ প্রতিদিন বাসার কাছাকাছি পৌঁছে তাঁর স্ত্রী নাহার আহমেদের মুঠোফোনে মিসডকল দিতেন। পরে স্ত্রী এসে বাসার ফটক খুলে দিতেন। গত শুক্রবার রাতেও ফারুক তাঁর স্ত্রীর মুঠোফোনে মিসডকল দেন। মিসডকল পেয়ে নাহার ফটক খোলেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও তাঁর স্বামীর দেখা না পেয়ে তিনি নিজেই ফোন দেন। তাঁর স্বামীর মুঠোফোনে রিং হলেও অপর প্রান্ত থেকে রিসিভ করেনি।ফারুক গত শুক্রবার রাতে শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের মধ্যে মামলা হতে পারে।প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, ফারুক শুক্রবার রাতে শহর থেকে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন। হত্যাকারী মাঝপথে তাঁর রিকশায় ওঠে, নাকি ঘটনাস্থলে তাঁর মুখোমুখি হয়, পুলিশ তা খতিয়ে দেখছে।