টাঙ্গাইলে আ.লীগের নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। গত শুক্রবার রাতে শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার কাছ থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলো আজ রোববার টাঙ্গাইল পৌর এলাকায় আধা বেলা হরতাল ডেকেছে। ২০০৪ সালের সম্মেলনে ফারুক জেলা আওয়ামী লীগের সদস্য হন। তিনি জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও শিল্পকলা একাডেমীর সহসভাপতি, করনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক, পরিবহন মালিক সমিতির প্রধান উপদেষ্টা, শ্রমিক ফেডারেশনের উপদেষ্টাসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পুলিশ ও নিহত ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর কাউন্সিলর শফিকুল হক শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফারুককে (৬০) বাসার কাছে রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। শফিকুল চিৎকার দেন। তাঁর চিৎকারে ফারুকের পরিবারের সদস্যরা বাসা থেকে বের হয়ে আসেন। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসকেরা ফারুককে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা ফারুকের পিঠে একটি গুলির চিহ্ন দেখতে পান। ফারুক নিহত হওয়ার খবরে রাতেই টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর হাসপাতালে ছুটে যান। নিহত ফারুকের স্ত্রী নাহার আহমেদ হাসপাতালে প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডে দলীয় লোকেরা জড়িত। গতকাল শনিবার সকালে একই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান শহীদুল্লাহ কায়সার জানান, ফারুকের পিঠের ডান পাশ দিয়ে একটি গুলি ঢুকে ফুসফুস ফুটো করে দেয়। ময়নাতদন্তকালে গুলিটি বের করা হয়। এটি রিভলবারের গুলি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফারুককে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে। এটা পেশাদার খুনিদের কাজ। পুলিশ সুপার জানান, নিহত ফারুকের স্বজনেরা স্বাভাবিক অবস্থায় নেই। তাঁরা স্বাভাবিক হলে, তাঁদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। সদর থানার সূত্রে জানা গেছে, ফারুকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল বাদ আসর বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জানাজা হয়। এতে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ স্থানীয় কয়েকজন সাংসদ এবং বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় ফারুককে গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে সাংসদ আমানুর রহমান খান বলেন, এ হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে এখানে আরও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর বিচার হয়নি। তখন বিচার হলে, আজ ফারুককে এভাবে জীবন দিতে হতো না। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, টাঙ্গাইলের রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোতে পেশাদার খুনিদের ব্যবহার করা হয়। মূল হোতারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আজগর খান জানান, আজ ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। তবে ইজতেমার কারণে মহাসড়ক হরতালের আওতামুক্ত থাকবে। হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সকালে করটিয়ায় সা’দত কলেজ ছাত্রলীগ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। টাঙ্গাইল শহরের নিরালা মোড়ও দুপুরে অবরোধ করা হয়। বাসাইলেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।