টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না গ্রামে আজ সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে একজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইয়াসিন আলী (৭০)। তিনি বাসাইল সুন্না আব্বাসিয়া উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে ইয়াসিন আলীর জমি নিয়ে পাশের বাড়ির মাইনুদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। আজ সকাল আটটার দিকে বাড়ির পাশে গাছে পানি দিতে গেলে মাইনুদ্দিন, তাঁর স্ত্রী মিনি বেগম, চৌকিদার হাবিলাসহ ছয়-সাতজন ইয়াসিন আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে ইয়াসিনের মৃত্যু হয়। আহত হয় আরও চারজন। এর মধ্যে দুজনকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার প্রথম আলো ডটকমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাইনুদ্দিন ও মিনি বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।