টাঙ্গাইলে ট্রাক উল্টে চারজন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা-বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে চারজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার ধলাটেঙ্গুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ধলাটেঙ্গুর নামক স্থানে পৌঁছালে সেটির সামনের বাঁ-পাশের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।দুর্ঘটনায় সিমেন্টের বস্তার ওপর থাকা ট্রাকের আরোহীদের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের আটজন আরোহীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।হেলালুল ইসলাম আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন। লাশগুলো টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।