টাঙ্গাইলে ট্রাক উল্টে তিনজন নিহত, আহত ১১
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আজ শনিবার সকালে ধানভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। উপজেলার নলসুন্দরপুর গ্রামের মুচিবাড়ী এলাকায় টাঙ্গাইল-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—নাগরপুর উপজেলার আগ-দিঘুলিয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে আবদুল হালিম (৩০), ভুমুরিয়া গ্রামের সুজাত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউনিয়া গ্রামের আবদুল করিমের ছেলে মনিরুল ইসলাম (৩০)।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ও সিরাজগঞ্জ চৌহালী উপজেলার ১৪ জন শ্রমিক সম্প্রতি ধান কাটার জন্য সুনামগঞ্জ যান। ধান কাটা শেষে তাঁরা গতকাল শুক্রবার রাতে একটি ট্রাক ভাড়া করে তাঁদের শ্রমের মূল্য হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। আজ সকালে ট্রাকটি নাগরপুর উপজেলার নলসুন্দরপুর গ্রামের মুচিবাড়ী এলাকায় নির্মাণাধীন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানের বস্তা সরিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ এবং আহত ১১ জনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং সাতজনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।