টাঙ্গাইলে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রকৌশলী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে জাকারিয়া হাবিব নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ বুধবার দুপুরে কালিহাতীর সল্লায় এ দুর্ঘটনা ঘটে। জাকারিয়ার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া জানান, দুপুরে বাংলালিংকের একটি মাইক্রোবাস উপজেলার সল্লা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রকৌশলী জাকারিয়া হাবিব ঘটনাস্থলে মারা যান। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, কুষ্টিয়া সদরের আজগর আলীর ছেলে জনি মিয়া ও পটুয়াখালীর ধুমকি গ্রামের রুস্তম মিয়ার ছেলে মাসুদ।