টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় রেল গেটের কাছে আজ শুক্রবার ভোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মিঠু শেখ (৩২)। তিনি চট্টগ্রামে জাহাজ ভাঙার কাজ করতেন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায়। তবে তাত্ক্ষণিক অপরজনের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস প্রথম আলো অনলাইনকে বলেন, ওই দুজন প্রকৃতির ডাকে সাড়া দিতে আজ ভোর সাড়ে ছয়টার দিকে শল্লা এলাকায় রেল গেটের কাছে রেললাইনে যান। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়। মিঠুর সহকর্মী নান্নু মণ্ডল বলেন, কেয়া পরিবহনের একটি বাসে করে তিনি ও মিঠু চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে শল্লা এলাকায় বাস থামানো হলে মিঠু রেললাইনে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপর ব্যক্তিও একই বাসের যাত্রী ছিলেন বলে ধারণা করছেন ওসি ইউনূস।