টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোনের ছেলে হয়েছে। আনন্দে শিশুটিকে দেখতে বোনের শ্বশুরবাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া গ্রামে যাচ্ছিলেন বড় বোন, মেজো বোন ও তাঁদের পরিবারের নয় সদস্য। কিন্তু সেই বাড়ি পৌঁছানোর মাত্র পাঁচ মিনিট আগে এই দলের পাঁচজন ট্রেনে কাটা পড়ে মারা যান। গত বৃহস্পতিবার রাতে ঝোড়ো বৃষ্টির সময় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার চকমুকুন্দ পাচানা গ্রামের আবদুল গাফ্ফার হোসেনের স্ত্রী আছমা খাতুন (৪৫) ও মেয়ে শান্তা (১২), আছমার বোন রলেফা খাতুন (৩০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (১০) এবং তাদের আরেক বোনের মেয়ে মামুনী (১২)। দুর্ঘটনায় আহত হয়েছে আছমার ছেলে রাসেল (১৫), ভাই ডাবলু (২৫), ভাগনি মুক্তি (১০)।গতকাল শুক্রবার চকমুকুন্দ পাচানা গ্রামে গিয়ে দেখা যায়, স্ত্রী আছমা, মেয়ে শান্তাসহ পাঁচ স্বজনকে হারিয়ে আবদুল গাফ্ফার বাকরুদ্ধ। শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসা লোকজনও ভেঙে পড়ছে কান্নায়।দুর্ঘটনায় আহত রাসেল জানায়, ছোট খালা বিলকিছ খাতুনের নবজাতক ছেলেকে দেখতে তারা ১১ জন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শেরপুর থেকে বাসে ওঠে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাস থেকে কালিহাতীতে নামার পর শুরু হয় ঝোড়ো বৃষ্টি। এর মধ্য দিয়েই তারা রেলপথের ওপর দিয়ে হেঁটে বিলকিছের বাড়িতে যাচ্ছিল। হাতিয়া গ্রামে বিলকিছের বাড়িতে পৌঁছানোর মিনিট পাঁচেক আগে পেছন থেকে আসা একটি ট্রেন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহত ডাবলু জানান, ঝোড়ো হওয়ার কারণে তাঁরা ট্রেন আসার শব্দ পাননি।দুর্ঘটনার পরপরই স্বজনেরা লাশ নিয়ে চকমুকুন্দ পাচানা গ্রামের বাড়িতে চলে যান। গতকাল জুমার পর জানাজা শেষে নিহত পাঁচজনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, ট্রেনে কাটা পড়ে একসঙ্গে পাঁচজন নিহত হওয়ার ঘটনা তাঁরা জানেন না। তবে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার জালাল উদ্দিন বলেন, ‘রেলের এক নিরাপত্তারক্ষী কালিহাতীর হাতিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে কয়েকজনের হতাহতের কথা আমাকে জানিয়েছেন। তবে ঠিক কতজন মারা গেছে, তা জানাতে পারেননি।’ কলকাতা থেকে ঢাকাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ হাতিয়া গ্রামের রেলপথ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল আসে বলে জানান জালাল উদ্দিন। দুর্ঘটনায় শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে গতকাল সকালে আবদুল গাফ্ফারের বাড়িতে যান শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।