টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় টেম্পোর ৪ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গেটম্যানবিহীন একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় টেম্পোর চারজন আরোহী নিহত হয়েছেন। বাসাইল উপজেলার দাপনাজোর রেলক্রসিংয়ে গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন টেম্পোর চালক দেলদুয়ার উপজেলার জুহু মিয়ার ছেলে রাজু মিয়া (২৮), বাসাইলের কুমুল্লি গোসাইবাড়ী গ্রামের নূরুল ইসলামের স্ত্রী বকুলী বেগম (৪৫), দাপনাজোর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী রত্না (৩০) ও রত্নার ছেলে আদিত্য (৪)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দাপনাজোর থেকে একটি টেম্পো করটিয়া যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে টেম্পোটি দাপনাজোর রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি ট্রেন টেম্পোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। গুরুতর আহত টেম্পোর যাত্রী স্বপ্না ও আদিত্যকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আদিত্য মারা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী জশিহাটী গ্রামের কোরবান আলী জানান, টেম্পোটি দ্রুতগতিতে রেলক্রসিং অতিক্রম করছিল। ঠিক তখনই টেম্পোটিকে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে টেম্পোটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে।রেলওয়ের পাকশী বিভাগের সংকেত ও টেলিকম প্রকৌশলী অসীম কুমার তালুকদারের নেতৃত্বে রেলওয়ের একটি দল গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।